ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স এখন বিশ্ব ক্রিকেটে সমীহ আদায় করছে। ভারতে হতে যাওয়া বিশ্বকাপে কেউ সাকিব আল হাসানদের নিয়ে হেলাফেলা করার সাহস দেখাচ্ছে না। দেশের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতহার আলী খান মনে করেন, বাংলাদেশ এবার বেশ কিছু দলকে চমকে দেবে এবং সেরা চারে খেলবে।
রেভস্পোর্টজের ‘ব্যাকস্টেজ উইথ বরিয়া’ শোয়ে আতহার বলেন, ‘বাংলাদেশের জন্য শেষ চারে ওঠার এটাই সেরা সুযোগ। আমি শুধু বলার জন্যই বলছি না, আমার কাছে অনেক যুক্তি আছে। আমি যখন আমাদের দলের দিকে তাকাই, আমি জানি আমি কী বলছি। অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশেল এবং অতীতের মতো আমাদের দলে শুধু ভালো স্পিনারই ছিল, এখন আমাদের ফাস্ট বোলাররা আছে যারা ভালো করতে পারে। ব্যাটিং শক্তিশালী এবং ভারতীয় কন্ডিশনের জন্য আমাদের সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার আছে। যখন আপনি এটার সঙ্গে আইপিএল অভিজ্ঞতা যোগ করবেন, সাকিব আইপিএলে খেলেছে অনেক বছর, মোস্তাফিজুর নিয়মিত আইপিএল খেলে। এই ধরনের কন্ডিশনে ভালো করার মতো দল আছে আমাদের।’
আতহার আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা এখনও উন্নতি করছি, আর ৫০ ওভারের ফরম্যাট বাংলাদেশের জন্য দারুণ মানানসই। এই ফরম্যাটে আমাদের সেরা রেকর্ড আছে। সুতরাং আপনি যদি দেখেন বাংলাদেশ শীর্ষ কয়েকটি দলকে হারায় এবং সেমিফাইনালে ওঠে, আমি কিন্তু অবাক হবো না।’
সাকিবের নেতৃত্বে বাংলাদেশ চাপ ভালোভাবে সামলাবে বিশ্বাস সাবেক এই ক্রিকেটারের, ‘সাকিব অধিনায়ক হিসেবে সবসময় চাপ নিয়ে খেলে এবং তার রেকর্ড তার পক্ষে কথা বলে। বিশ্বের সব স্থানে সে সাফল্য পেয়েছে। দল জানে কীভাবে জিততে হয়। লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর মধ্যে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশেল। তারপর আমাদের আছে নাঈম ও তানজিদ। আশা করবো তামিম বিশ্বকাপের জন্য ফিট হবে। সে যদি খেলতে পারে, সে হবে টপ অর্ডারের জন্য বাড়তি পাওয়া। যদি সে না খেলে, তারপরও দলকে দারুণ শুরু এনে দেওয়ার মতো যথেষ্ট ভালো ব্যাটার আছে। তাওহীদ হৃদয়ও একজন যাকে নিয়ে আমার দারুণ আশা এবং সে তার ক্যারিয়ারে দারুণ শুরু করেছিল। আমাদের সাকিব ও মুশফিকের অভিজ্ঞতা আছে। এই খেলোয়াড়দের প্রত্যেকে চাপের মধ্যে খেলেছে এবং ভালো কিছু দিয়েছে। আমি আগের কথাই বলছি, আমি আশা করছি বাংলাদেশ সেরা চারে খেলবে।’