সাকিব আল হাসানের নেতৃত্বে এশিয়া কাপের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল। যদিও পাকিস্তানের মাটিতে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সেই একই পরিণতি। বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে ফের ছন্দপতন ঘটে বাংলাদেশের। দলের এমন ব্যর্থতার পর সেটি নিয়ে আলোচনা করতে নারাজ সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স বিশ্লেষণ করতে বললে তামিম বলেছেন, ‘খেলা নিয়ে এখান থেকে মন্তব্য করা উচিত হবে না। কারণ যারা ওখানে আছে, আমি নিশ্চিত তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। কেবল আমি দলে নেই। দলের বাইরে আছি বলে একটা কমেন্ট করে দিলাম, আমি তেমন লোক না। আমিও দলেরই অংশ। নিজেকে তাড়াতাড়ি তৈরি করার চেষ্টা করছি যেন সুযোগ এলে সেরাটা দিতে পারি। খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করা উচিত না বলে মনে করি।’
বাংলাদেশ দল ব্যর্থ হলেও নতুন অধিনায়ক সাকিবসহ টিম ম্যানেজমেন্টের ভালো পরিকল্পনা আছে বলে মনে করেন তামিম, ‘যেটা বললাম, যখন আমি অধিনায়ক ছিলাম তখন একভাবে ভেবেছি। নতুন অধিনায়কের হয়তো আলাদা পরিকল্পনা আছে, যেটা আমি জানি না। আমি একজনের পরিকল্পনার ব্যাপারে যদি এতটা নিশ্চিত না হয়ে মন্তব্য করি, ওটা একটা বিতর্ক হয়ে যাবে। আমার মনে হয় নতুন অধিনায়ক-ম্যানেজমেন্টের ভালো পরিকল্পনা আছে। ওরা ওভাবে করে আগাচ্ছে। দলে ঢোকার পর আমরা দেখবো। ’
দুই-একটা ম্যাচ খারাপ হলেও তামিম মনে করেন ওয়ানডেতে তারা এখনও ভালো দল, ‘দেখা তো হচ্ছে খেলা। ভালো না খেললে হতাশ অবশ্যই হই। আমার মনে হয় না একটা দুইটা খারাপ পারফরম্যান্সের কারণে শেষ পাঁচ-ছয় বছরের পরিশ্রম ভুলে যাবো। এটা হতেই পারে। আমার মনে হয় আমরা এখনও খুব ভালো দল ওয়ানডেতে। একটা দুটো ম্যাচে এমন হতেই পারে। আর এটা হলেও ঘাবড়ানোর কিছু নেই। ড্রেসিংরুমে যারা আছে, তারা সবাই বিশ্বাস করে, গত দুই তিন ম্যাচে যা হয়েছে আমরা তার চেয়ে ভালো দল।’