পাকিস্তানের দেওয়া ৮৪ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই তিনটি উইকেট হারালেও জয়ের পথে রয়েছে ভারত। ৮ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়লেও বিরাট কোহলি ও যুবরাজ সিং ভারতকে জয়ের পথ দেখাচ্ছেন। ১২ ওভার শেষে ভারতের সংগ্রহ তিন উইকেটে ৬৩ রান।ম্যাচ জিততে ২১ রান দরকার ভারতের। হাতে আছে ৮ ওভার।
প্রথম ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে এলবিডব্লিউ শিকারে পরিণত করেন মোহাম্মদ আমির। একই ওভারের চতুর্থ বলে রাহানেকে আউট করেন আমির। নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় ওভারের চতুর্থ বলে রায়নাকে আউট করেন নিষেধাজ্ঞা শেষ করে সদ্য ক্রিকেটে ফেরা এই পাকিস্তানি পেসার।
এর আগে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ধোনি। বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রেমী সবার মতে, এটি হবে ভারতের ব্যাটিং লাইন আপ বনাম পাকিস্তানের বোলিং আক্রমণের যুদ্ধ। কিন্তু এদিন ম্যাচ শুরুতে দেখা গেল উল্টো দৃশ্য। ভারতের বোলিংয়ে পাকিস্তানি ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ। ভারতীয় বোলারদের তোপে শেষমেষ ১৭.৩ ওভারে মাত্র ৮৩ রানে অলআউট হয় পাকিস্তান।ম্যাচ জিততে ধোনি-কোহলিদের প্রয়োজন ৮৪ রান।
ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। প্রথম ওভারের চতুর্থ বলে নেহরার বলে ধোনির হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন ওপেনার মোহাম্মদ হাফিজ (৪)।
এরপর ৩.৩ ওভারে দলীয় ২২ রানে বুমরাহ'র বলে স্লিপে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন শারজিল খান। আউট হওয়ার আগে ৫ বলে ৭ রান করেন তিনি। দলীয় ৩২ রানে ফেরেন খুররাম মনজুর। ব্যক্তিগত ১০ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।
এরপর আরও দ্রুত দুই উইকেট পড়ে যায় পাকিস্তানের। দলীয় সপ্তম ওভারের শেষ বলে ৩৫ রানে শোয়েব মালিককে (৪) ফেরান হার্দিক পান্ডে। পরের ওভারের প্রথম বলে উমর আকমলকে (৩) সাজঘরের পথ দেখান যুবরাজ সিং।
দলীয় ৪২ রানে রানআউটের শিকার হন শহীদ আফ্রিদি (২)। ফলে ৪২ রানের মাথায় ৬ উইকেটের পতন ঘটে পাকিস্তানের। দলীয় ৫৩ রানে জাদেজার বলে এলবিডব্লিউ হন ওয়াহাব রিয়াজ (৪)। দলীয় ৭০ রানে পাকিস্তানের অষ্টম উইকেটের পতন ঘটে। সরফরাজকে ফের এলবিডব্লিউ'র শিকারে পরিণত করেন জাদেজা। তবে আউট হওয়ার আগে ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলেন তিনি। যা ইনিংসের সর্বোচ্চ রান। শেষে পর্যন্ত ১৭.৩ ওভারে ৮৩ রানে অলআউট হয় আফ্রিদির দল।
ভারতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডে। দুটি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। এশিয়া কাপে এটি পাকিস্তানের প্রথম ম্যাচ। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে হারানো ভারতের দ্বিতীয় ম্যাচ এটি। এই ম্যাচে ভারত দলে একটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে শিখর ধাওয়ানের স্থলাভিষিক্ত হয়েছেন আজিঙ্কা রাহানে।
/এমআর/
ছবি: সাজ্জাদ হোসেন