বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা হয়নি লকি ফার্গুসন ও টিম সাউদির। নেদারল্যান্ডসের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচে অবশ্য ফেরার পথে রয়েছেন কিউই দুই পেসার। তবে অধিনায়ক কেন উইলিয়ামসন এখনও অনিশ্চিত অবস্থার মধ্যে আছেন। তার জন্য আরেকটু সময় প্রয়োজন বলে জানিয়েছেন, নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড।
কালকের ম্যাচের আগে স্টিড সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফার্গুসন ভালো ভাবেই অনুলীশন করেছে। পরবর্তী ম্যাচে সে খেলবে।’
সাউদিও বোলিংয়ে দারুণ ভাবে মানিয়ে নিয়েছে। তাকে দলে রাখার ব্যাপারে নিউজিল্যান্ড কোচকে আত্মবিশ্বাসী মনে হয়েছে, ‘সকালে একটা এক্সরে করতে হবে। তার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো তাকে নিয়ে। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে একাদশে নির্বাচনের জন্য সে প্রস্তুত। আর সেটা বাকি টুর্নামেন্টের জন্যও।’
অধিনায়ক কেন উইলিয়ামসন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেললেও তাকে নিয়ে এখনও সতর্ক কিউই টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ মিস করেছেন। এখন তিনি ১৩ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন। স্টিডও বলেছেন, ‘কেনের যথেষ্ট উন্নতি হয়েছে। ফিল্ডিংয়ের ক্ষেত্রে হয়তো আরও একটু মানিয়ে নিতে হবে। আমরা আত্মবিশ্বাসী সে হয়তো তৃতীয় ম্যাচে খেলবে।’