পাকিস্তানের বিপক্ষে নারী টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু হলো বাংলাদেশের। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাহিদা আক্তারের অবিশ্বাস্য বোলিংয়ের পর নিগার সুলতানার ব্যাটে জয় তুলে নেয় তারা। নাহিদা বল হাতে নেন ৫ উইকেট। ৮৩ রানের লক্ষ্যে নেমে ৫ উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ। পাঁচ উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা।
টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। চতুর্থ ওভারে বল হাতে নিয়েই নাহিদা আক্তার ভাঙেন উদ্বোধনী জুটি। সিদ্রা আমিনকে (৪) বোল্ড করেন। নিজের পরের ওভারে মুনিবা আলীকে (১৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। পাওয়ার প্লেতে ২৫ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।
তারপর বিসমাহ মারুফ ও নিদা দার হাল ধরেছিলেন। তাদের ৩১ রানের জুটি ভেঙে দেন রাবেয়া খান। নিদা ১৪ রানে বোল্ড হন। তিন বলের মধ্যে দ্বিতীয় উইকেটের পতন ঘটে বিসমাহ রান আউট হলে। রাবেয়ার থ্রোতে ২০ রানে ফিরে যান তিনি। একই ওভারে ইরাম জাভেদের ফিরতি ক্যাচ নেন সুলতানা। আলিয়া রিয়াজ দলীয় ৫৯ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে ফিরে যান।
নাহিদার দুর্দান্ত বোলিংয়ে বড় লক্ষ্য দাঁড় করতে পারেনি পাকিস্তান। তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। মুর্শিদা খাতুনের ২৩ রানের পর নিগার সুলতানা ২৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান।
১২ রানে ভাঙে উদ্বোধনী জুটি। শামীমা সুলতানা (৫) রান আউট হন। ওপেনার মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি ২১ রানের জুটিতে রান রেট নাগালের মধ্যে রাখেন। দশম ওভারে সোবহানা (১৬) আউট হলে ক্রিজে নামেন নিগার। মুর্শিদার সঙ্গে ইনিংস সেরা ২৪ রানের জুটি গড়ার পর শেষ পর্যন্ত খেলে গেছেন অধিনায়ক। মাঝে স্বর্ণা আক্তার (২) ও সুলতানা খাতুন (৬) হতাশ করলেও নিগার অধিনায়কোচিত ইনিংস খেলেন। শেষ ওভারের তৃতীয় বলে জয়সূচক চার মারেন তিনি। ৫ উইকেটে ৮৬ রান করে বাংলাদেশ।
প্রত্যাশিতভাবে ম্যাচসেরা হয়েছেন নাহিদা। আগামী শুক্রবার বিকাল সাড়ে চারটায় একই ভেন্যুতে দুই দল মুখোমুখি হবে।