রাস্তায় বসে কেন সাকিবের ছবি আঁকছেন শুভজিৎ

সাকিব আল হাসান একজন অতিমানব। বেশির ভাগ সময়ই ক্রিকেট মাঠে যা করতে চান, সেটা করতে পারেন। বাংলাদেশের এই অলরাউন্ডারের বিশ্বজুড়েই কোটি কোটি ভক্ত। এমনই এক ভক্তের সন্ধান পাওয়া গেলো ক্রিকেটের নন্দন কানন খ্যাত ইডেন গার্ডেন্সে। শুক্রবার বিকালে পুরো শহর যখন দুর্গা পূজার কার্নিভালের উৎসব নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে, তখন দেখা গেলো কলকাতার এক তরুণ ব্যস্ত সাকিবের ছবি আঁকা নিয়ে। পেশায় চিত্রশিল্পী এই তরুণ ইডেন গার্ডেন্সের খানিক পাশে ফুটপাতে বসে ছবিটি আঁকছিলেন। 

শুভজিৎ সাহা।সাকিব বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার। চলতি বিশ্বকাপে বর্ণহীন পারফরম্যান্স করলেও এই অলরাউন্ডারের রেকর্ডের আশপাশে কেউ নেই। ব্যাটিং-বোলিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে সবার শীর্ষেই অবস্থান করছেন তিনি। সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ানো সাকিবের ভক্ত দেশ ছাপিয়ে বিদেশেও হু হু করে বেড়েছে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সে দীর্ঘদিন ধরে খেলার কারণে এখানে তার ভক্ত সংখ্যা অনেক। এমনই এক ভক্ত শুভজিৎ সাহা। এখনো পড়াশোনা শেষ হয়নি। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলছেন কলকাতা ক্লাবে। কিন্তু পেশা হিসেবে বেছে নিয়েছেন আঁকাআঁকি।

অনলাইনে অর্ডার পেলে ছবি এঁকে বিক্রি করেন তিনি। তবে কিছু ছবি আছে, যেগুলো আঁকেন কেবল ভালোবেসেই। শুক্রবার সন্ধ্যায় যেমন সাকিবের ছবি এক মনে আঁকছিলেন ভালোবেসেই। সাকিবের ভীষণ ভক্ত কলকাতার এই তরুণ। শুধু কলকাতায় খেলছে বলেই নয়, বাংলাদেশের এই অলরাউন্ডার এক যুগ ধরেই শুভজিৎতের প্রিয় খেলোয়াড়।

কেন সাকিবকে পছন্দ এমন প্রশ্নে বাংলা ট্রিবিউনকে শুভজিৎ বলেছেন, ‘মানুষ হিসেবে সাকিব খুব ভালো, খুব ভালো ক্রিকেট খেলে। প্রথম থেকেই আমার ফেভারিট। শুধু কলকাতায় খেলে বলেই নয়, সাকিবকে আমি পছন্দ করি তার ব্যক্তিত্বের কারণে।’