সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া বাংলাদেশের নিজেদের প্রথম পরীক্ষায় খুব ভালো করেই উতরে গিয়েছিল। ধর্মশালায় আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে বিজয় নিশান উড়ায় সাকিব আল হাসানরা। কিন্তু পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পরীক্ষা দিয়ে শুরু হয় বাংলাদেশের ব্যর্থতার মিশন। এরপর একে একে আরও পাঁচটি ‘পরীক্ষায়’ বসেও পাশ করতে পারেনি বাংলাদেশ। সোমবার নতুন ভেন্যুতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাইলে লঙ্কানদের বিপক্ষে পাশ মার্ক পাওয়া জরুরি। বাংলাদেশ দল অবশ্য শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পথটা তৈরি করতে আত্মবিশ্বাসী।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার দুপুর আড়াইটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।
দিল্লিতে দুই দল মাঠে নামার আগে ম্যাচটি এক বিন্দুতে দাঁড়িয়ে। দুই দলই বিশ্বকাপে সেমিফাইনালকে প্রাথমিক লক্ষ্য হিসেবে ঠিক করে এসেছিল। কিন্তু কারও স্বপ্নই বাস্তবায়ন হয়নি বাজে ব্যাটিংয়ের কারণে। শ্রীলঙ্কাও তবুও বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে। ৭ ম্যাচ খেলে দুটি ম্যাচ জিতে তারা আছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। সমান সংখ্যক ম্যাচ খেলে এক জয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। দিল্লিতে অর্থহীন ম্যাচটা গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে বড় কারণ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট।
নিয়ম অনুযায়ী বিশ্বকাপে পয়েন্ট টেবিলে আটে থাকতে পারলে পাকিস্তানে টুর্নামেন্ট খেলার টিকিট মিলেবে। আয়োজক হিসেবে পাকিস্তান সরাসরি খেলবে। বাকি থাকবে সাতটি জায়গা। সেই লড়াইয়ে টিকে থাকতে হলে শেষ দুটি ম্যাচে দুই দলেরই জয়ের বিকল্প নেই। এশিয়ার এই দুই দলের লড়াইকে ঘিরে যে উত্তেজনা, তা কেবল ড্রেসিংরুমের সীমাবদ্ধ। আগের ম্যাচগুলোর যে পারফরম্যান্স তাতে করে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ জেতাটা সহজ হওয়ার কথা নয়।
যদিও বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আশার কথাই শোনালেন, ‘আমার মনে হয় এখনও সুযোগ আছে। আমরা এখনও একটা ভালো দল। আমরা জানি, আমরা যেমন খেলছি তার চেয়েও আমরা ভালো একটা দল। এখনও নিজেদের সেরা ম্যাচটা খেলতে পারিনি। এমনকি সেরার ধারেকাছেও যেতে পারিনি। আমরা এখনও মনে করি চ্যাম্পিয়নস ট্রফি খেলার সুযোগ আমাদের আছে।’
এদিকে অভিন্ন লক্ষ্য শ্রীলঙ্কারও। রবিবার লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস বলেছেন, ‘আমরা একদমই ভালো পারফর্ম করিনি। কিন্তু আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। আমরা সেজন্য আত্মবিশ্বাসী। আগামীকালকের (সোমবার) ম্যাচে ভালো করে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে এগিয়ে যেতে হবে।’
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের যে উইকেটে আগের ম্যাচগুলোতে চার-ছক্কার বন্যা হয়েছিল, বাংলাদেশ-শ্রীলঙ্কা একই উইকেটে মহারণের অপেক্ষায়। বিশ্বকাপের চতুর্থ ম্যচে শ্রীলঙ্কার বোলারদের বেধড়ক পিটিয়ে দক্ষিণ আফ্রিকা তোলে ৪২৮ রান! যা বিশ্বকাপের সর্বোচ্চ। জবাবে শ্রীলঙ্কা ৩২৬ রানে থামে। সব মিলিয়ে ওই ম্যাচে রান হয় ৭৫৪। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচেও দিল্লিতে ৭৭১ রান উঠেছে। এমন ব্যাটিংবান্ধব উইকেটে আজ এই টুর্নামেন্টের বাজে পারফরম্যান্স করা দুটি দল মাঠে নামছে। এখানে লঙ্কানদের খেলার অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলছে।
দল দুটোর পরিকল্পনা ভিন্ন হলেও লক্ষ্য অভিন্ন। সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া দুই দলের সামনে এখন কেবল চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিতের লড়াই। এই লড়াইয়ে জিততে দুই দলই ২২ গজে উত্তেজনা ছড়াবে। বিশ্বকাপের গুরুত্ব হারলেও দিল্লির এই ম্যাচটি যে হাইভোল্টেজ হবে, বলাই যায়।