বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফের তালিকায় আপাতত নেই কোনও পেস বোলিং কোচ, স্পিন বোলিং কোচ এবং ফিল্ডিং কোচ। নেই কোনও কম্পিউটার বিশ্লেষকও। আগামী ১৮ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এর আগে বিদায় নেওয়া কোচদের বিকল্প ঠিক করা সম্ভব হয়নি। এই অবস্থায় হাই পারফরম্যান্স ইউনিটের কোচদের দিয়েই চালানো হবে নিউজিল্যান্ড সিরিজ।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের কোচিং স্টাফে আছেন কেবল তিনজন। প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সহকারী কোচ নিক পোথাস এবং ট্রেনার নিক লি। কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন তারা। এছাড়া নিউজিল্যান্ড সিরিজে শরিফুল ইসলামদের অন্তর্বর্তীকালীন বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে এইচপির পেস বোলিং কোচ কলি মোরকে। কোচিং স্টাফে থাকবেন এইচপির প্রধান কোচ ডেভিড হেম্পও। তিনিও কাজ করবেন ব্যাটিং কোচ হিসেবে।
এই প্রসঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টে থাকবে একজন। আপনারা জানেন যে কলিমোর আছে, সেও আসবে। ডেভিড হেম্পও আছে। আমাদের যারা হাই পারফরম্যান্সে কাজ করে তাদের আমরা আসতে বলতে পারি। হয়তো তারা দলের সঙ্গে যোগ দেবে।’