আগামী বছর মে মাসে ইউরোপ সফরের অংশ হিসেবে নেদারল্যান্ডসে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের। এই সংস্করণে দুই দলের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। ব্যস্ত সূচির কারণে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডকে (কেএনসিবি) এই সফর স্থগিতের অনুরোধ করে পিসিবি।
আগামী বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুই দলের এই সিরিজ নির্ধারণ করা হয়েছিল। কেএনসিবির হাই পারফরম্যান্স ম্যানেজার রোল্যান্ড লেফেবভ্রে ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন, এই সফর স্থগিত করা হয়েছে। ঠাসা সূচির কারণে খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ে উদ্বেগ থেকে তাদের এই অনুরোধ করেছে পিসিবি। তারাও স্বীকার করেছে, তাদের অনুরোধে সিরিজ স্থগিত করা হয়েছে এবং বিকল্প উইন্ডো খুঁজতে তারা শিগগিরই কাজ শুরু করবে।
গত বছর নেদারল্যান্ডস সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তানকে স্বাগত জানায়। সিরিজটি ৩-০ তে জেতে পাকিস্তান, কিন্তু দুটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৬ রান ও ৯ রানে হারে স্বাগতিকরা।