৭ কোটি ৪০ লাখ রুপিতে পাওয়েলকে নিলো রাজস্থান

শুরু হয়ে গেলো আইপিএলের মিনি অকশন। প্রথমবার ভারতের বাইরে হচ্ছে এই নিলাম অনুষ্ঠান। এতদিন ধরে নিলামে শুধু দলগুলোর প্রতিনিধিরা হাজির থাকতেন। এবার দর্শকদেরও প্রবেশাধিকার দেওয়া হয়েছে। দুবাইয়ের কোকাকোলা অ্যারেনায় নিলাম করছেন মল্লিকা সাগর, এই প্রথমবার কোনও নারী হাতুড়ি হাতে নিয়েছেন।

এবারের আইপিএলে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের সব ক্রিকেটারদের ছুটি দিয়েছে।বাংলাদেশের তিন ক্রিকেটারের নাম নিলামের চূড়ান্ত তালিকাতে থাকলেও বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। কেবল মোস্তাফিজুর রহমান আছেন।

নিলামে প্রথম ডাকেই রভম্যান পাওয়েলকে নিয়ে কাড়াকাড়ি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের। ১ কোটি ভিত্তিমূল্য ছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। তাকে শেষ পর্যন্ত ৭ কোটি ৪০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান। একসময় কলকাতাতে খেলেছেন পাওয়েল। সবশেষ তিনি খেলেন দিল্লির হয়ে।