বিশ্বকাপের আগে বাংলাদেশের যুব দল এশিয়া কাপের শিরোপা জিতেছে। সোমবার দেশে ফিরেছেন ক্রিকেটাররা। তবে তারা খুব বেশি বিশ্রাম পাচ্ছেন না। কেননা সামনেই তাদের বিশ্বকাপ মিশন। আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকাতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে ক্রিকেটাররা খেলার মধ্যে থাকুক।
সেই চাওয়া অনুযায়ী চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণে মাহফুজুর রহমান রাব্বি-আশিকুর রহমান শিবলিদের খেলানো হবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট বিভাগ। যদিও এই টুর্নামেন্টে যুব দলের পেসারদের বিশ্রাম দেওয়া হবে। ২৪ ডিসেম্বর থেকে কক্সবাজারে শুরু হবে বিসিএলের ওয়ানডে সংস্করণ। ৩০ ডিসেম্বর মিরপুরে হবে ফাইনাল।
এই টুর্নামেন্ট শেষে ১ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে। এক সপ্তাহের ক্যাম্প শেষে কিছুটা আগেভাগেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ যুব দল। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় হবে কন্ডিশনিং ক্যাম্প।