বিসিএল

খালেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথমবার চ্যাম্পিয়ন ইস্ট জোন

নতুন চ্যাম্পিয়ন পেয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। লংগার ভার্সনের টুর্নামেন্টটিতে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট জোন। সিলেটে শেষ রাউন্ডের খেলায় তিন দিনে নর্থ জোনকে এক ইনিংস ও ১১২ রানে হারিয়েছে তারা।

এই জয়ে ইস্ট জোন ২০ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। রানার্স আপ সেন্ট্রাল জোনের চেয়ে যা ১০ পয়েন্ট বেশি! তৃতীয় ও শেষ রাউন্ডে তারা সাউথ জোনকে ১০ উইকেটে হারিয়েছে।

সিলেটে দ্বিতীয় ইনিংসে নর্থ জোনকে গুটিয়ে দিতে বড় অবদান ছিল পেসার খালেদ আহমেদের। বাকি ৭ উইকেটের ৫টি নিয়েছেন তিনি। তাতে নর্থ জোন ১৩২ রানে অলআউট হয়েছে। প্রথম ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ ছিল তারা। গুটিয়ে গেছে ১০৮ রানে। ইস্ট জোন প্রথম ইনিংসে করেছিল ৩৫২ রান।

এই ইনিংসে ৫০ রানে মোট ৭ উইকেট নিয়েছেন খালেদ। ম্যাচে ৯০ রানে তার শিকার করা ১১ উইকেট আবার ক্যারিয়ার সেরাও। প্রথম ইনিংসে ৪০ রানে নিয়েছেন ৪ উইকেট। ফলে ম্যাচসেরার ‍পুরস্কার উঠেছে তারই হাতে। ব্যাট হাতে নর্থজোনের আকবর আলী সর্বোচ্চ ৩৩ রান করেছেন।