বিশ্বকাপ ব্যর্থতায় পদত্যাগ করেছেন জিম্বাবুয়ে কোচ

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি জিম্বাবুয়ে। তাই ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করেছেন দলটির কোচ ডেভ হটন। 

বিবৃতিতে হটনের পদত্যাগের খবর নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, ‘জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ডেভ হটনের পদত্যাগপত্র গ্রহণ করেছে।’

হটন বিবৃতিতে জানিয়েছেন, ১৮ মাসের দায়িত্বের পর মনে হয়েছে ড্রেসিং রুমে তার দিন শেষ হয়ে এসেছে। এখন দলটাকে সামনে নিয়ে যেতে নতুন কাউকে দরকার। 

বুধবার বোর্ড সভার আগ মুহূর্তে পদত্যাগ পত্র যায় হটনের। বোর্ড সভায় বিশ্বকাপ ক্যাম্পেইন নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল। যেখানে তারা নামিবিয়া ও উগান্ডার কাছে বাছাইয়ে পরাজিত হয়েছে। সম্প্রতি আয়ারল্যান্ডের কাছেও সীমিত ওভারের সিরিজে তারা হার দেখেছে।  

হটন পদত্যাগ করলেও তাকে নিয়ে আলাদা ভাবনা আছে বোর্ডের। হয়তো সংস্থাটির অন্য কোনও ভূমিকায় তাকে দেখা যেতে পারে। 

৬৬ বছর বয়সী হটন জিম্বাবুয়ের কোচ হন গত জুনে। লালচাঁদ রাজপুতের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। বোর্ড জানিয়েছে জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরের জন্য একটি অন্তর্বর্তী ম্যানেজমেন্ট টিমের নাম তারা ঘোষণা করবে। তাছাড়া একটি কমিটিও গঠন করেছে। যারা বিশ্বকাপ ব্যর্থতার কারণ ও জাতীয় দলের কাঠামো নিয়ে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে।