আগামী বছর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, যেখানে অধিনায়ক কেন উইলিয়ামসন ও তারকা সিমার কাইল জেমিসনকে পুরোপুরি ফিট চায় নিউজিল্যান্ড। এই কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাদের খেলাবে না বলে শুক্রবার জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
এই সিরিজের জন্য উইলিয়ামসন ও জেমিসনকে রেখে দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। গত এপ্রিলে হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসন শেষে বিশ্বকাপে কয়েকটি ম্যাচ খেলেছিলেন উইলিয়ামসন। তাকে আরও কিছুদিন পুনর্বাসনে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। আর জেমিসন হ্যামস্ট্রিং চোটে ভুগছেন।
এই তিন ম্যাচে দুজনের স্থলাভিষিক্ত হয়েছেন ওপেনার রাচিন রবীন্দ্র ও সিমার জ্যাকব ডাফি। ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।
হেড কোচ গ্যারি স্টিড বলেছেন, আগামী বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে চোখ রেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উইলিয়ামসন ও জেমিসনকে প্রত্যাহার করা হয়েছে।
একজন সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, আগামী জানুয়ারিতে ঘরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উইলিয়ামসন ফিরতে পারেন। তবে জেমিসন ওই সিরিজেও খেলতে পারবেন না।
আগামী ২৭ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।