আবার আইপিএল খেলতে না পেরে খারাপ লাগছে তাসকিনের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাসকিন আহমেদকে নিয়ে এবারও আগ্রহ ছিল ফ্র্যাঞ্চাইজিদের। কিন্তু সদ্য ইনজুরি থেকে সেরে ওঠা বাংলাদেশি পেসারকে আইপিএল অকশন থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে খেলার ছাড়পত্র দেয়নি। আরেকবার সুযোগ পেয়েও বিশ্বের শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে না পেরে খারাপ লাগছে তার।

মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রেনিং সেশনের পর তাসকিন বলেছেন, ‘এনিয়ে তৃতীয়বার সুযোগ (আইপিএলে খেলার) এসেছিল। এবারও আমার খেলা হচ্ছে না। একটু হলেও খারাপ লাগছে কারণ সবাই চায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে। শুধু আইপিএল থেকে নয়, আমি বিভিন্ন লিগ থেকে প্রস্তাব পেয়েছি।’

গণমাধ্যমের খবর, নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিলেও তাসকিনকে চুক্তি করার আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। তবে বোর্ডের আপত্তির কারণে আইপিএলে অভিষেক হচ্ছে না ২৮ বছর বয়সী পেসারের। ইনজুরি প্রবণতা তো রয়েছেই, টুর্নামেন্টের সূচির সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি সাংঘর্ষিক।

তাসকিন বলেছেন, ‘বিভিন্ন কারণে বোর্ড ছাড়পত্র দিতে চায় না। জাতীয় দলের ম্যাচের পাশাপাশি স্বাস্থ্যের ব্যাপার আছে। আমি এবার বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা আমাকে বলেছিল বিবেচনা করা হচ্ছে। কিন্তু এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে না পেরে সত্যিই ভালো লাগছে না। সবাই এই রনের টুর্নামেন্টে খেলতে চায়, আমিও চাই। আশা করি ভবিষ্যতে খেলতে পারবো।’

গত নভেম্বরে বিশ্বকাপ চলাকালে ইনজুরিতে পড়েন তাসকিন। তাতে করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি। এখনও সেরে ওঠার লড়াই করছেন। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএল দিয়ে মাঠে ফিরতে আশাবাদী তিনি, ‘আল্লাহর রহমতে আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আমার কাঁধে সমস্যা ছিল। এখন অনেকটাই ভালো। আমি বিপিএল দিয়ে মাঠে নামতে অধীর অপেক্ষায় আছি।’