ওয়ার্নারকে বিদায়ী উপহার দিয়েছে পাকিস্তান

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের অবসর পাকিস্তান টিমকেও স্পর্শ করেছে। তাই তৃতীয় টেস্ট শেষ হওয়ার পর অজি ওপেনারকে বিদায়ী উপহার দিয়েছে সফরকারী দল। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ তাকে বাবর আজমের একটি জার্সি উপহার হিসেবে দিয়েছেন। যাতে ছিল পাকিস্তান দলের সবার অটোগ্রাফ।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানকে ৮ উইকেটে হারানো ম্যাচ দিয়েই টেস্ট ক্যারিয়ারকে বিদায় বলেছেন তিনি। যেখানে দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে দলের জয়ে অবদান রেখেছেন তিনি। ম্যাচ শেষ করে মাঠ ছাড়তে না পারলেও ৩-০ ব্যবধানে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছেন।

তার পর ম্যাচ শেষ হলে পুরস্কার বিতরণী মঞ্চে ওয়ার্নারকে আমন্ত্রণ জানান শান মাসুদ। সেখানেই নিজ দলের প্রতিটি সদস্যের সই করা জার্সিটি তাকে উপহার হিসেবে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। এ সময় ওয়ার্নারকে ক্রিকেটে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়ে বলেছেন, ‘আমরা ভেবেছি তোমাকে বিদায়ী উপহার হিসেবে বাবর আজমের জার্সি উপহার দেবো। তোমার জন্য রইলো শুভকামনা।’