ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে খেলবেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পাঁচ সিরিজের দুটি ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। খুব শিগগির তার বদলি হিসেবে কারও নাম ঘোষণা করা হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিবৃতিতে জানিয়েছে, ‘অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বিরাট। তিনি জানিয়েছেন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা সব সময়েই তার প্রাধান্য। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তার ব্যক্তিগত উপস্থিতি ও অখণ্ড মনোযোগ ভীষণ প্রয়োজন।’
কোহলি হায়দরাবাদে ভারতের প্রথম টেস্ট ভেন্যুতে রবিবার পৌঁছেছিলেন। কিন্তু সোমবার ভারতের ঐচ্ছিক অনুশীলনে অংশ নেননি তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১ ড্র হওয়া সিরিজে অংশ নিলেও একইভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলেননি।
ইংল্যান্ডের বিপক্ষে কোহলির সম্ভাব্য বদলি হতে পারেন চেতেশ্বর পূজারা, রজত পতিদার, অভিমন্যু ঈশ্বরণ কিংবা সরফরাজ খানের কেউ।