আইএল টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেও পিএসএলে খেলবেন জোসেফ

ব্রিসবেন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার পর আইএল টি-টোয়েন্টিতে খেলতে যাওয়ার কথা ছিল শামার জোসেফের। কিন্তু পায়ের আঙুলে পাওয়া চোট ছিটকে দিয়েছে তাকে। আইএল টি-টোয়েন্টিতে শামারের দল ছিল দুবাই ক্যাপিটালস।

অবশ্য স্ক্যান রিপোর্টে আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি। মিচেল স্টার্কের ইয়র্কার আঙুলে আঘাত করলেও কোনও ফ্র্যাকচার হয়নি তার।

ওয়েস্ট ইন্ডিয়ান এই পেসারের অস্ট্রেলিয়া থেকে সরাসরি দুবাই যাওয়ার কথা ছিল। অস্ট্রেলিয়া সফরের আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। এখন চোট নিয়ে গায়ানায় ফিরে যাবেন। তার পর খেলতে যাবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। 

মূলত গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট নিয়েও ম্যাচজেতানো স্পেলে ঐতিহাসিক জয় এনে দেওয়ায় পাদপ্রদীপের আলোয় এখন তিনি। এই ম্যাচসেরা পারফরম্যান্সেই তাকে চুক্তিবদ্ধ করেছে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশাওয়ার জালমি। যতটুকু জানা গেছে, টুর্নামেন্টের শুরু থেকেই শামার জোসেফ থাকবেন।  

জালমি অবশ্য জানিয়েছে, জোসেফকে ইংলিশ বোলার গাস অ্যাটকিনসনের বদলি হিসেবে নেওয়া হয়েছে। পিএসএল শুরু হবে ১৭ ফেব্রুয়ারি।