ওয়েস্ট ইন্ডিজকে ২৫৯ রানের লক্ষ্য ছুড়ে দিতে ব্যাট হাতে করলেন সর্বোচ্চ রান। তারপর বল হাতেও সেরা পারফরম্যান্স দেখালেন, সঙ্গে নিলেন দুটি ক্যাচ। শন অ্যাবটের অলরাউন্ড পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ৮৩ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া।
আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৫৮ রান করে। ৯১ রানেই তাদের অর্ধেক ব্যাটার ফিরে যায়। একশর আগেই পাঁচ উইকেট পড়ার পর অ্যাবটের ব্যাট ধরে আড়াইশ করে অজিরা। ৬৩ বলে ১ চার ও ৪ ছয়ে ৬৯ রান করে আউট হন তিনি।
এছাড়া ম্যাথু শর্ট দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন। ক্যামেরন গ্রিনের ৩৩ এবং মার্নাস লাবুশেন ও অ্যারন হার্ডির ২৬ রানে চড়ে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জিং স্কোর গড়ে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুডাকেশ মোটি সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড।
লক্ষ্যে নেমে জশ হ্যাজেলউড ও অ্যাবটে ছিন্নভিন্ন ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন। দুজনে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে কিসি কার্টির ব্যাটে। এছাড়া শাই হোপ ২৯ রানে থামেন। ২৫ রান করেন রোস্টন চেজ।
৪৩.৩ ওভারে ১৭৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন হ্যাজেলউড ও অ্যাবট।
দুই ম্যাচ শেষে ২-০ তে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া।