এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্স বেদনাদায়ক: শাহরিয়ার খান

এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিতে হচ্ছে পাকিস্তানকে। টুর্নামেন্টে দলের এমন পারফরম্যান্সকে কোনওভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান। পাকিস্তানের পারফরম্যান্সকে ‘বেদনাদায়ক’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই কর্তা।
তিনি বলেছেন, ‘এটা শুধু হতাশাজনক ব্যাপার নয়। পাকিস্তানকে এভাবে খেলতে দেখা বেদনাদায়ক এক অভিজ্ঞতা।’
পাকিস্তান দলের এমন পারফরম্যান্সে তিনি আগামীতে দলটিতে ব্যাপক পরিবর্তনের আভাস দিয়েছেন। বলেছেন, ‘কিছু ব্যক্তিগত পারফরম্যান্স ছাড়া বাকিসব কিছু বাজে ছিল। তবে এটা নিশ্চিত করে বলতে পারি জবাবদিহি করতে হবে এরজন্য। যেই দায়ী হবেন তাকে উত্তর দিতে হবে। পরিবর্তন অবশ্যই জরুরি। তবে সবকিছুই নিয়মমাফিক করতে হবে।’

এসময় বর্তমান অধিনায়ক শহীদ আফ্রিদির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয় শাহরিয়ার খানকে। এর উত্তরে তিনি বলেন, ‘আমি জানি তাকে নিয়ে অনেক সমালোচনাই হচ্ছে। তবে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় কোনও পরিবর্তন এখনই আনতে চাই না। আফ্রিদি অধিনায়ক থাকবে। যদি সে নিজ থেকে সরে দাঁড়ায় তাহলে সেটা ভিন্ন বিষয়। কারণ সে পাকিস্তানকে ১৫ বছর ধরে সেবা দিয়ে আসছে।’

/এফআইআর/