টেস্ট ক্রিকেটে পা রেখেই নিজের প্রথম বলে স্টিভ স্মিথের উইকেট তুলে নেন শামার জোসেফ। এমন আবির্ভাব আচমকা যে নয়, সেটা তিনি প্রমাণ করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে। অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট হেরে গেলেও শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নেন এই তরুণ পেসার। বিশ্ব জুড়ে নামডাক পেয়ে যান গ্যাবা টেস্ট জয়ের নায়ক। আইপিএলেও দল পেলেন শামার। তাকে মার্ক উডের স্থলাভিষিক্ত করেছে লখনউ সুপার জায়ান্টস।
শনিবার আইপিএল এক বিবৃতিতে জানায়, তিন কোটি ভারতীয় রুপিতে শামার লখনউতে। মার্ক উডকে ২০২২ সালে আইপিএল নিলামে সাড়ে সাত কোটি রুপিতে কিনেছিল দলটি। কনুইয়ের ইনজুরিতে ওই মৌসুমে খেলা হয়নি। গত বছর চার ম্যাচ খেলে নেন ১১ উইকেট। জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তার ওয়ার্কলোডের কথা চিন্তা করে তাকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও মাথায় রেখেছে তারা।
এদিকে গ্যাবা টেস্টে আগুন বোলিং করে ম্যাচ জেতানোর পরপর আইএল টি-টোয়েন্টির চলতি মৌসুমের জন্য দুবাই ক্যাপিটালসে ডাক পান শামার। কিন্তু মিচেল স্টার্কের ইয়র্কারে পাওয়া পায়ের পাতার ইনজুরিতে ছিটকে যান। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পিএসএলের ক্লাব পেশাওয়ার জালমিও তাকে নিয়েছে।
পেশাদার ক্যারিয়ারে মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে কোনও উইকেট পাননি শামার। তবে কোচ ড্যারেন স্যামি ইঙ্গিত করেছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেতে পারেন তিনি। সাবেক উইন্ডিজ অধিনায়ক আরও বলেন, নির্বাচকদের জন্য ভালো মাথাব্যথা হয়ে দাঁড়াচ্ছেন শামার।