শুরুর ধাক্কার পর সপ্তম উইকেট জুটিতে প্রোটিয়াদের লড়াই

দুর্বল দল নিয়ে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অবশ্য প্রথাগত ভঙ্গিতে খেলে সফরকারীরা ধৈর্যের পরীক্ষা দিয়েছে। হ্যামিল্টনে ৬ উইকেটে প্রথম ইনিংসে যোগ করেছে ২২০ রান!

অবশ্য কিউই পেসাররা টপ অর্ডার ও রাচিন রবীন্দ্র যেভাবে মিডল অর্ডার ভেঙে দিয়েছিলেন, তাতে প্রথম দিনেই গুটিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল প্রোটিয়াদের। দেড়শ রানে পতন হয় ষষ্ঠ উইকেটের! তার পর ৭ আর ৮ নম্বরে নামা ব্যাটার মিলে লড়াই অব্যাহত রেখেছেন। চূড়ান্ত সেশনে সেটাই হয়ে দাঁড়ায় প্রোটিয়াদের অক্সিজেন।  

সেজন্য কৃতিত্ব দিতে হবে ৩৭ বছরে প্রথম টেস্ট খেলতে নামা শন ফন বার্গ ও মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা রুয়ান দু সুয়াতকে। সপ্তম উইকেটে ৭০ রানের জুটি গড়েছেন তারা। অবিচ্ছিন্ন এই জুটি খেলেছে ১৬২ বল!  

শুরুতে অধিনায়ক নিল ব্র্যান্ড সবুজ পিচ দেখে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দলে নেন মাত্র দুজন স্পিনার।  ক্লাইড ফরটুইনের ওপেনিংয়ে প্রমোশন কাজে আসেনি। গোল্ডেন ডাকে ফিরেছেন তিনি। আরেক ওপেনার ও অধিনায়ক ব্র্যান্ডের ব্যাট থেকে আসে ২৫ রান। রেইনার্ড ফন টন্ডার (৩২), জুবায়ের হামজা (২০) ও ডেভিড বেডিংহ্যাম (৩৯) খেলার চেষ্টা করলেও ইনিংস লম্বা করতে পারেননি।   

তার পর সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে লড়াই করেছেন রুয়ান দু সুয়াত ও ফন বার্গ। সুয়াত হাফসেঞ্চুরি তুলে ৫৫ রানে ব্যাট করছেন। খেলেছেন ১৩৫ বল। অভিষিক্ত ফন বার্গ ব্যাট করছেন ৩৪ রানে। 

রাচিন রবীন্দ্র ছিলেন দিনের সেরা বোলার। ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে নিয়েছেন ম্যাট হেনরি, উইলিয়ামস ও’রুর্ক ও নিল ওয়াগনার।