কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে চট্টগ্রামে নারিন-রাসেল

অস্ট্রেলিয়ায় বিস্ফোরক ব্যাটিং উপহার দিয়ে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতাতে এসেছেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে শনিবার চট্টগ্রামের টিম হোটেলে পৌঁছেছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন আরেক ক্যারিবিয়ান তারকা সুনিল নারিন। কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি দুজনের যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়ার হয়ে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ফিরেছেন রাসেল। অজিদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে পাওয়া সান্ত্বনার জয়ে ছিল তার অন্যতম অবদান। ধুঁকতে থাকা দলের হয়ে ব্যাট হাতে ২৯ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন। তাতে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

অপর দিকে, নারিন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি খেলেই বিপিএলে অংশ নিচ্ছেন। সেখানে তার দল আবুধাবি নাইট রাইডার্স সেমিফাইনালে ছিটকে গেছে।

বিপিএলে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা এখন পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে। ৯ ম্যাচে ৭টি ম্যাচ জিতলেও হেরেছে দুটি।