ডাম্বুলায় প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হলো টানটান উত্তেজনার লড়াই। মাথিশা পাথিরানার দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তান চাপে পড়লেও শ্রীলঙ্কার ঘাম ছুটিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত ৪ রানের রোমাঞ্চকর জয় পায় স্বাগতিকরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করে ১-০ তে এগিয়ে থাকলো লঙ্কানরা।
ওয়ানিন্দু হাসারাঙ্গার ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কা ১৬০ রানে অলআউট। শেষ দিকে ব্যাটাররা ব্যর্থ না হলে স্কোর আরও বড় হতো। তবে সেটাই লঙ্কানদের জয়ের জন্য যথেষ্ট হলো পাথিরানার আগুন বোলিংয়ে। বিনুরা ফার্নান্ডোও জয়ের কৃতিত্বের দাবি রাখেন। প্রথম তিন ওভারে ৩৮ রানের খরুচে বোলিং করেন তিনি। শেষ ওভারে যখন ১১ রানের প্রয়োজন আফগানদের, তখন নিজের সেরাটা নিংড়ে দিলেন বিনুরা, মাত্র ৬ রান খরচ করেন। আফগানিস্তান অধিনায়ক প্রথম চার বলে রান নিতে পারেননি। শেষ দুই বলে ডাবলস ও বাউন্ডারি মারলে সফরকারীরা পরাজয়ের বেদনায় সিক্ত হয়।
এই ম্যাচকে দুই অধিনায়কের লড়াইও বলা যায়। হাসারাঙ্গা ও ইব্রাহিম সমান ৬৭ রান করেন। শ্রীলঙ্কা অধিনায়ক ছিলেন বেশ মারমুখী, ৩২ বলে ৭ চার ও ৩ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। আফগান ক্যাপ্টেন শেষ দিকে রক্ষণাত্মক খেলেন। ৩৯ বলে ৫০ রান করা ইব্রাহিম পরের ১৬ বলে করেন ১৭ রান! সম্ভবত সেখানেই হারের পথ তৈরি হয়ে যায়। তার ৫৫ বলের ইনিংসে ছিল ৮ চার।
৯ উইকেটে আফগানদের ১৫৬ রানে আটকে দিয়ে ম্যাচসেরা হয়েছেন পাথিরানা। দ্বিতীয় স্পেলে তৃতীয় ওভার বল করতে নেমে চারটি ওয়াইড দেওয়া বাদে বেশ দারুণ বোলিং করেন এই পেসার। বল হাতে আগুন ধরান তিনি। ৪ ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট নেন পাথিরানা। প্রত্যাশিতভাবে হাসারাঙ্গাকে ছাপিয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।