শ্রীলঙ্কা সফর থেকে কি খালি হাতে ফিরবে আফগানিস্তান? এমন প্রশ্ন এখন ওঠা স্বাভাবিক। একমাত্র টেস্ট হারের পর তিন ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশড তারা। এবার এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজেও সফরকারীরা হেরে গেলো।
সোমবার অ্যাঞ্জেলো ম্যাথুজের অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ৭২ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে তারা।
ডাম্বুলায় আগে ব্যাটিং করে ওপেনিংয়ে ঝড়ো সূচনা হয় শ্রীলঙ্কার। ৩.৫ ওভারে ৪৫ রান তুলে ভাঙে পাথুম নিসাঙ্কা (২৫) ও কুশল মেন্ডিসের (২৩) জুটি। চার রানের ব্যবধানে পরপর দুই ওভারে দুজন ফিরে যান।
ধনঞ্জয়া ডি সিলভা (১৪) ইনিংস বড় করতে পারেননি। সাদিরা সামারাবিক্রমা একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা (২২) ও চারিথ আসালাঙ্কা (৪) তার সঙ্গে জুটি টানতে পারেননি। শেষ দিকে ম্যাথুজ উপযুক্ত সঙ্গ দেন। ৬৬ রানের জুটি ভেঙে যায় শেষ বলে। ২২ বলে ২ চার ও ৪ ছয়ে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন ম্যাথুজ। ৪২ বলে ৫১ রান করে শেষ বলে আউট হন সামারাবিক্রমা, তার সাবধানী ইনিংসে ছিল ৫ চার।
৬ উইকেটে ১৮৭ রান করে শ্রীলঙ্কা। আফগানদের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবী।
বড় লক্ষ্য দিতে অবদান রাখা ম্যাথুজ বল হাতেও জাদু দেখান। প্রথম দুই ওভারে ওপেনার হযরতউল্লাহ জাজাই ও ইব্রাহিম জাদরানকে ফেরান। এই ধাক্কা সামলে নিতে পারেনি সফরকারীরা। বিনুরা ফার্নান্ডোর তোপে পড়ে তারা। ৩১ রানে তাদের নেই ৫ উইকেট।
নবী ও করিম জানাত প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ৩৯ রানের বেশি রান তুলতে পারেননি তারা। হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানার আঘাতে শেষ ৫ উইকেট হারায় ৪৫ রানে। ১৭ ওভারে ১১৫ রানে অলআউট আফগানিস্তান।
ম্যাথুজ ঝড়ো ব্যাটিংয়ের পর দুটি উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। সমান সংখ্যক উইকেট পান বিনুরা, পাথিরানা ও হাসারাঙ্গা।