ইনজুরিতে ওয়ার্নার, আইপিএলে খেলবেন তো?

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন ডেভিড ওয়ার্নার। পেশীর ইনজুরিতে তার অকল্যান্ডে খেলা হবে না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে আগামী মাসে শুরু হতে যাওয়া আইপিএলের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি। 

শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতেও বামহাতি ওপেনার খেলেননি। ছিলেন বিশ্রামে। চোটের কারণে তার রিকোভারির সময় ধরা হয়েছে সাত থেকে ১০ দিন। সিরিজের শেষ ম্যাচ না খেলায় ওয়ার্নারের দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাচ্ছে। যেহেতু আগেই জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে বিদায় বলবেন তিনি। ওয়েলিংটনে প্রথম ম্যাচে ২০ বলে উপহার দিয়েছেন ৩২ রানের ইনিংস। 

ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানিয়েছে, ‘ওয়ার্নারের এখন সংক্ষিপ্ত রিকোভারি প্রয়োজন। এটা অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার অংশগ্রহণে কোনও বাধার সৃষ্টি করবে না।’   

তার মতো রবিবারের ম্যাচে বিশ্রামে থাকবেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডও। দুজনেই প্রথম দুটি ম্যাচ খেলেছেন। তাদের জায়গায় খেলবেন মিচেল স্টার্ক ও স্পেন্সার জনসন।