টানা ডাবল সেঞ্চুরিতে কেন্দ্রীয় চুক্তিতে জয়সওয়াল, অগ্রগতি রাহুল-গিলের

যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে টানা দুটি ডাবল সেঞ্চুরি হাঁকান। ঘরের মাঠে আলো কেড়ে নেওয়া এই ভারতীয় ওপেনার প্রত্যাশিতভাবে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন। প্রথমবার বিসিসিআই তার সঙ্গে চুক্তি করেছে। ২০২৩ সালের জুলাইয়ে অভিষিক্ত জয়সওয়াল বি গ্রেডে জায়গা পেয়েছেন।

একই ক্যাটাগরিতে ২২ বছর বয়সী ব্যাটারের সঙ্গে আছেন সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফরে সবশেষ ক্রিকেট খেলা পান্ত মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হন। তিনি এ থেকে বি গ্রেডে নেমেছেন। আইপিএল দিয়ে তার ক্রিকেটে ফেরার কথা।

বুধবার নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। গতবার ২৬ জনের সঙ্গে চুক্তি করলেও এবার ৩০ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে বোর্ড। 

ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করে আইপিএলের প্রস্তুতিকে প্রাধান্য দেওয়ায় ইশান কিষাণ ও শ্রেয়াস আইয়ারের সঙ্গে চুক্তি হচ্ছে না বলে খবর বাতাসে ভাসছিল। সেটাই সত্যি হলো। দুজনের কাউকে রাখা হয়নি।

চুক্তির শীর্ষ স্তর এ প্লাস ক্যাটাগরিতে জায়গা ধরে রেখেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা।

শুবমান গিল ও লোকেশ রাহুল পদোন্নতি পেয়েছেন। তারা বি থেকে এ গ্রেডে উন্নীত হয়েছেন, যেখানে তাদের সঙ্গী রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া।

চেতেশ্বর পুজারা, উমেশ যাদব, শিখর ধাওয়ান, দীপক হুদা ও যুজবেন্দ্র চাহাল বাদ পড়েছেন। নতুন নাম- রিংকু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণয়, জিতেশ শর্মা, মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান ও রজত পতিদার। এরা সবাই সি ক্যাটাগরিতে।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের মতোই এবারও অন্তত তিন টেস্ট কিংবা আট ওয়ানডে অথবা ১০ টি-টোয়েন্টি খেলা প্রত্যেক ক্রিকেটার গ্রেড সি-তে অন্তর্ভুক্ত হবেন। সেক্ষেত্রে দুটি টেস্ট খেলা ধ্রুব জুরেল ও সরফরাজ খান ধর্মশালায় ম্যাচ খেললে এই ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে চুক্তিদ্ধ হবেন। 

গ্রেড এ প্লাস: রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা

গ্রেড এ: রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুবমান গিল, হার্দিক পান্ডিয়া

গ্রেড বি: সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল

গ্রেড সি: রিংকু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণয়, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সাঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, কেএস ভারত, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, রজত পতিদার