টেস্ট ক্রিকেটে পা রাখার পর সাড়ে ছয় বছরে কোনও ম্যাচ জেতা হয়নি আয়ারল্যান্ডের। তাদের সঙ্গে সাড়ে ছয় বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে প্রথম দিন শক্ত অবস্থানে তারা। আবুধাবিতে মার্ক অ্যাডায়ার বল হাতে আগুন ধরান। লাল বলের ক্রিকেটে নিজের প্রথম ফাইফার পেয়েছেন আইরিশ পেসার। আফগানিস্তানকে ১৫৫ রানে অলআউট করার পর ৫৫ রান পেছনে থেকে বুধবারের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড, হাতে আছে আরও ৬ উইকেট।
টলারেন্স ওভালে এদিন টেস্ট ক্রিকেটের অভিষেক হলো। প্রথম দিনেই বল হাতে সুবিধা আদায় করলো আয়ারল্যান্ড। একশ করার আগেই ছয় উইকেট হারায় তারা। ৫৩ রান করে ওপেনার ইব্রাহিম জাদরান ও করিম জানাতের ৪১ রানের অপরাজিত ইনিংস ছাড়া ব্যাটিংয়ে আর কেউ সুবিধা করতে পারেননি। অ্যাডায়ার ৫ উইকেট নেন ৩৯ রানের বিনিময়ে।
আফগানিস্তান অলআউট হলে শেষ হয় দ্বিতীয় সেশন। ব্যাটিংয়ে নেমে ৩২ রানে নাভিদ জাদরানের বলে দুই ওপেনার অ্যান্ডি বালবির্নি ও পিটার মুর বিদায় নেন। শেষ দিকে জিয়াউর রহমান পরপর দুই ওভারে উইকেট তুলে নিলেও স্টাম্প ঘোষণার পর আয়ারল্যান্ড ছিল নিরাপদ অবস্থানে।
কুর্টিস ক্যাম্ফার ও হ্যারি টেক্টরের ৬০ রানের জুটি আয়ারল্যান্ডকে স্বস্তিতে রাখে। এক রানের জন্য হাফ সেঞ্চুরি হয়নি ক্যাম্ফারের (৪৯)। ৩২ রানে অপরাজিত ছিলেন টেক্টর। ৪ উইকেটে তাদের সংগ্রহ ১০০ রান।