আকর্ষণীয় পারিশ্রমিকে ফাইনাল খেলবেন ডেভিড মিলার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ফাইনাল নিয়ে চারদিকে উন্মাদনা বিরাজ করছে। শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শিরোপার নিষ্পত্তি হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রোটিয়া হার্ডহিটার ডেভিড মিলারকে পাচ্ছে বরিশাল। দলটির কর্তৃপক্ষ এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিতও করেছে।

মূলত দুই ম্যাচের জন্য বরিশালের সঙ্গে মিলারের চুক্তি হয়েছিল। বরিশাল ফাইনালে উঠায় শুক্রবারের ম্যাচটি খেলেই দেশ ছাড়বেন তিনি। যদিও বেশ জটিল পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন মিলার। কেননা ৩ মার্চ বিয়ে করতে যাচ্ছেন তিনি। বিয়ের তারিখের সঙ্গে ফাইনাল কাছাকাছি হওয়াতে ঝামেলা তৈরি হয়েছিল। অবশ্য এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে তার দেশে ফেরা চূড়ান্ত হয়েই গিয়েছিল প্রায়।

তবে ফাইনালে ওঠার পর বরিশালের মালিকপক্ষ, টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক মিলে আরেক দফা তাকে অনুরোধ করেছেন। তাতে ফাইনাল খেলেই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মিলার। ফাইনালের জন্য আকর্ষণীয় অঙ্কের পারিশ্রমিকও পাচ্ছেন তিনি। যা আগের দুই ম্যাচের তুলনায় অনেক বেশি।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো মিলার বিপিএল খেলছেন। এবার বরিশালের জার্সিতে এসেছেন। দুই ম্যাচে তার ব্যাট সেভাবে কথা বলেনি। প্রথম ম্যাচে ১৭ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। রংপুর রাইডার্সকে হারাতে মুশফিকের সঙ্গে দায়িত্বশীল ইনিংস শেষে ২২ রানে অপরাজিত ছিলেন তিনি।