পরের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াতেই পারে: জয়াসুরিয়া

ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের মূর্তিমান আতঙ্ক ছিলেন সনাথ জয়াসুরিয়া। ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ঝড় তুলে শুরুতেই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতেন তিনি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ের অন্যতম সারথীও ‘মাতারা হারিকেন’। ক্রিকেট খেলতে বাংলাদেশে আগে বহুবার এলেও এবার তিনি এসেছেন ভিন্ন পরিচয়ে। শ্রীলঙ্কা দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অলরাউন্ডার।

শ্রীলঙ্কার দল বেশ কয়েকদিন আগে সিলেটে পা রাখলেও জয়াসুরিয়া আজই এলেন। বিমানবন্দরে নেমেই জানালেন নিজের ভূমিকার কথা, ‘এই মুহূর্তে আমি এখানে একজন পরামর্শক হিসাবে এসেছি এবং আমি এখানে দলের সঙ্গে থাকবো। দল ভালো শুরু পেয়েছে। যতটা পারি দলকে সহায়তা করবো। আমি চেষ্টা করবো দলে ভূমিকা রাখতে। টিম ম্যানেজমেন্টসহ সবার সঙ্গে আমার অভিজ্ঞতা আমি ভাগাভাগি করবো।’

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩ রানে হেরেছে বাংলাদেশ। হারলেও লঙ্কানদের বিপক্ষে দারুণ লড়াই করেছে স্বাগতিকরা। বিশেষ করে মাহমুদউল্লাহ ও জাকের আলী অনিক অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। বিশেষ করে সিলেটের ক্রিকেটার জাকেরের ব্যাটিং সবাইকে মুগ্ধ করেছে। বিমানবন্দরে নেমেই জাকিরকে প্রশংসায় ভাসিয়েছেন জয়াসুরিয়া, ‘হ্যাঁ, জাকেরকে দেখেছি। বাংলাদেশ দারুণ লড়াই করেছে। তারাও ভালো ব্যাট করেছে। চাপের মধ্যে দাসুন শানাকা সত্যিই ভালো বোলিং করেছে। বাংলাদেশে তাদের হোম কন্ডিশনে খেলছে এবং তারা অনেক ভালো দল।’ 

গত ডিসেম্বর থেকে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পরামর্শক হিসেবে কাজ করছেন জয়াসুরিয়া। এর আগে একাধিকবার শ্রীলঙ্কার প্রধান নির্বাচকের পদে ছিলেন তিনি। জয়াসুরিয়া মনে করেন প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ, ‘বাংলাদেশ নিজেদের দেশে খেলছে। তারা ঘুরে দাঁড়াতেই পারে।’

বাংলাদেশের পাশাপাশি নিজ দলের ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন জয়াসুরিয়া, ‘শ্রীলঙ্কাকে ভালো খেলতে দেখে চমৎকার লাগলো। ছেলেরা ভালো করছে, দায়িত্ব নিয়ে খেলছে। ব্যাটাররা রান করে বাংলাদেশকে চাপে রেখেছিল। শুধু আসালাঙ্কা না, প্রত্যেক ব্যাটার ভালো করেছে। টপ অর্ডার রানে আছে দেখে ভালো লাগছে। আশা করি পরের ম্যাচগুলোও দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’