জিম্বাবুয়ের ব্যর্থতার দায় নিয়ে মাসাকাদজার পদত্যাগ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালের অক্টোবরে জিম্বাবুয়ে ক্রিকেটের দায়িত্ব নেন হ্যামিল্টন মাসাকাদজা। প্রায় পাঁচ বছর ধরে ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব পালন করার পর ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন তিনি।

কোন ব্যর্থতা? একমাত্র পূর্ণ সদস্য হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছে না জিম্বাবুয়ে। বাছাইয়ে তারা উগান্ডার কাছে বিস্ময়করভাবে হেরে যাওয়ায় যুক্তরাষ্ট্রের টিকিট কাটতে পারেনি তারা।

প্রধান কোচ ডেভ হাউটন সরে দাঁড়ানোর তিন মাস পর পদত্যাগ করলেন মাসাকাদজা। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমাদের ক্রিকেটের সাফল্য-ব্যর্থতা ভালোভাবে বিবেচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা আমার দায়। আমার মেয়াদে  অনেক উন্নতি হয়েছে, কিন্তু ব্যাপার হলো উগান্ডার কাছে আমাদের বিস্ময়কর হারের পর আইসিসির একমাত্র পূর্ণ সদস্য হিসেবে আগামী বিশ্বকাপে অংশ নিতে পারছি না। এটা সত্যিই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্যর্থতার একটি এবং ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে আমি পূর্ণ দায়িত্ব নিচ্ছি।’

জিম্বাবুয়ে ক্রিকেটে অন্য কোনও দায়িত্বে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন মাসাকাদজা, ‘এই সিদ্ধান্ত নেওয়া ছিল খুব কঠিন এবং আমি জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি পুরোপুরি দায়বদ্ধ। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করতে চায় জিম্বাবুয়ে ক্রিকেট এবং আমি অন্য কোনোভাবে দায়িত্ব পালন করতে খুবই আগ্রহী।’