একজনের ক্যারিয়ার থমকে গিয়েছিল ২০২২ সালের এশিয়া কাপের পর। তিনি মাহমুদউল্লাহ। বিপিএলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি দলে। আরেকজন জাকের আলী অনিক, যাকে নিয়ে আলোচনা থাকলেও প্রথমে সুযোগ পাননি তিনি। তবে আলিস আল ইসলামের ইনজুরিতে ভাগ্য খুলেছে তার। দুইজনের ভূমিকাই ফিনিশিং। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিততে না পারলেও মাহমুদউল্লাহ-জাকেরের ব্যাটে এই ফরম্যাটে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে প্রশংসায় ভাসিয়েছেন মাহমুদউল্লাহ-জাকেরকে।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাত্যই হয়ে গিয়েছিলেন মাহমুদউল্লাহ। অনেক নাটকীয়তার পর গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়ে যান। বিশ্বকাপে অনেকেই ব্যর্থ হলেও মাহমুদউল্লাহ বেশ কিছু ম্যাচে আলো ছড়িয়েছেন। সদ্যই শেষ হওয়া বিপিএলে দারুণ ক্রিকেটে খেলেছেন। ফরচুন বরিশালের জার্সিতে দারুণ ইমপ্যাক্ট ক্রিকেট খেলে বেশ কিছু ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন। ১৫ ম্যাচে ১৩৪.৬৫ স্ট্রাইক রেটে ২৩৭ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। পাশাপাশি দারুণ ফিল্ডিংয়েও দলের শিরোপা জয়ে ভূমিকা রেখেছেন। এরই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলেন দারুণ এক ইনিংস। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানোর পর তরুণ জাকেরকে সঙ্গে নিয়ে মাহমুদউল্লাহ প্রতিরোধ গড়েন। খেলেন ৫৪ রানের ঝকঝকে এক ইনিংস।
শ্রীলঙ্কার বিপক্ষে খেলা মাহমুদউল্লাহর ইনিংসকে সুন্দর হিসেবে আখ্যায়িত করেছেন হাথুরুসিংহে, ‘সে অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছে। বিপিএলে দারুণ পারফরম্যান্স করে সে সবাইকে দেখিয়েছে। এখন সে অনেক স্বাধীনতা নিয়ে খেলছে, যা আমি আগের একটি সাক্ষাৎকারে বলেছিলাম। আমি যখন তাকে বিশ্বকাপে (ওয়ানডে বিশ্বকাপ) দেখেছিলাম, তখন সে নিজের খেলা নিয়ে খুব স্বাচ্ছন্দ্যবোধ করছিল। এই মুহূর্তে সে খুব সুন্দর খেলছে।’
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে জাকেরের অভিষেক হয় গত বছরের অক্টোবরে এশিয়ান গেমসে। যেহেতু জাতীয় দল তখন বিশ্বকাপে, এক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিকেই তার অভিষেক ম্যাচ ধরা যায়। হয়তো এই ম্যাচে খেলাই হতো না জাকেরের। আলিস ইনজুরিতে ছিটকে যাওয়াতেই সুযোগ হয় টি-টোয়েন্টি দলে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৬৮ রানে ৪ উইকেট হারানোর পর ৬ নম্বরে ব্যাটিংয়ে নামা জাকের ঝড় তোলেন। দলকে জেতানোর আশা দেখান। তবে পারেননি, ৩৪ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬৮ রান করেন তিনি।
জাকেরকে নিয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি শুধু তাকে বিপিএলেই দেখেছি। বিপিএলে যা দেখলাম, তাতে তাকে অনেক শান্ত মনে হচ্ছে। তাকে এত শান্ত দেখে ভালোই লাগছে। ৫-৬-৭ নম্বরে সীমিত সময়ের মধ্যে এমন গুণসম্পন্ন ব্যাটারই দরকার। ওই পজিশনে বেশিরভাগ সময় আপনাকে কিছু কাজ করতে হবে অনেক সীমাবদ্ধতার মধ্যে। সে যা করেছে, তা দেখে সত্যিই খুব আনন্দিত হয়েছি। এটা দল হিসেবে আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে।’