তৃতীয় টি-টোয়েন্টিতে পাথিরানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে পেসার মাথিশা পাথিরানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। লঙ্কান পেসার হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ছিটকে গেছেন। 

আগের ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন পাথিরানা। যাকে গ্রেড-১ মাত্রার বলা হচ্ছে। দ্বিতীয় ম্যাচে তাকে চতুর্থ ওভারের সময় দেখা যায় হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে। কষ্ট করে ওভার শেষ করতে চেয়েও পারেননি। পরে বাকি দুই ডেলিভারিতে ওভার শেষ করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। 

গতিময় বোলার হলেও চলমান সিরিজটা পাথিরানার জন্য পুরোপুরি স্বস্তিদায়ক ছিল না। প্রথম ম্যাচে ৪ ওভারে ৫৬ রান দিয়েছেন। দ্বিতীয় ম্যাচে অবশ্য ৩.৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। শ্রীলঙ্কা তাকে বেশির ভাগ সময় ডেথ ওভারে ব্যবহার করে আসছে। 

এই অবস্থায় লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হিসেবে স্কোয়াডে আছেন নুয়ান থুশারা। তিনিও রাউন্ড আর্ম অ্যাকশনে বল করে থাকেন। কিন্তু পাথিরানার মতো সেরকম গতিময় নন। এছাড়া স্কোয়াডে থাকা বাকি স্পেশালিস্ট পেসাররা হলেন- বামহাতি বিনুরা ফার্নান্ডো ও দিলশান মাদুশাঙ্কা। 

এই মুহূর্তে সিরিজটি ১-১ সমতায়। শনিবারের ম্যাচটি সিরিজ নির্ধারণী।