প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের আয়োজনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্রিকেট লিগ সিজন দুই সফলভাবে শেষ হয়েছে। এবার প্রথমবারের মতো ক্রিকেট লিগ মাঠে গড়ায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে। বুধবার উত্তেজনাপূর্ণ ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয় ফার্মেসি থান্ডার।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রায়হান আজাদ টিটো গত বুধবার সকাল ৯টায় আসরের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান (অব.), ফাইন্যান্স ডিরেক্টর শিপার আহমেদ, স্পোর্টস ক্লাব কনভেনার মোহাম্মদ নজরুল ইসলামসহ অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড় ও সমর্থক।
এবারেরে ক্রিকেট লিগে বিশ্ববিদ্যালয়ের ১২টি ডিপার্টমেন্ট থেকে মোট ১২টি দল অংশগ্রহণ করে। গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালে টেক্সটাইল অ্যালিগেটরকে পরাজিত করে ফাইনালে ওঠে ফার্মেসি থান্ডার এবং ল লায়ন্সকে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করে মাইক্রোবায়োলজি রাইডার্স।
ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাঙ্ক্ষিত জয়ের দেখা পায় ফার্মেসি থান্ডার এবং প্রথমবারের মতো প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ম্যাচসেরা হন তাফিকুল ইসলাম নায়ীম এবং ফ্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন স্মিতা।