মঈনের অলরাউন্ড নৈপুণ্যে রূপগঞ্জকে হারালো গাজী গ্রুপ

বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ টাইগার্স  ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। মঈন খানের অলরাউন্ড পারফরম্যান্সে রূপগঞ্জকে ৩ উইকেটে হারালো গাজী গ্রুপ।

টস হেরে আগে ব্যাটিং করে গাজী গ্রুপকে ২৫৯ রানের লক্ষ্য দেয় রূপগঞ্জ। টপ অর্ডারদের ব্যর্থতায় চাপে পড়ে গিয়েছিল গাজী গ্রুপ। তবে মিডল অর্ডার ব্যাটার আল আমিন জুনিয়রের ৫৯ রানের পর মঈনের অপরাজিত ৪৩ রানের ওপর দাঁড়িয়ে ৪৮.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী গ্রুপ। ৩২ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ইনিংস খেলেন মঈন। ম্যাচসেরা হয়েছেন তিনি।

রূপগঞ্জের বোলারদের মধ্যে নাবিল সামাদ ৪৬ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ ওপেনিং জুটিতে তোলে ৮৯ রান। মাহফুজুর রহমান রবিন ২৯ রানে আউট হলে জুটি ভাঙে তাদের। পরের ব্যাটারদের সবাই কম বেশি অবদান রাখলে কেউই ইনিংসটাকে বড় করতে পারেনি। সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন ওপেনার আব্দুল্লাহ আল মামুন। এছাড়া শামসুর রহমান শুভ ৩৬, আব্দুল্লাহ আল গালিব ৩৪ রান করে দলের স্কোরকে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৮ রানে নিয়ে যেতে ভূমিকা রাখেন।

গাজীর হয়ে ৩৩ রানে দুটি উইকেট নেন মঈন। এছাড়া আনিসুল ইসলামও ৫৯ রানে দুটি উইকেট নিয়েছেন।