শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে লড়াই করলেও সিরিজে জিততে পারেনি বাংলাদেশ। সেই হারের ক্ষত ভুলতে চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জিততে মরিয়া স্বাগতিকরা। বুধবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি সহজে জিতে সেই কাজ এগিয়ে রেখেছে। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে। এখন এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। বৃহস্পতিবার সেটাই জানিয়ে গেলেন তাসকিন।
বুধবার রাতে ম্যাচ শেষ হওয়াতে আজকে ঐচ্ছিক অনুশীলনে ছিলেন ক্রিকেটাররা। মাত্র ৬জন অনুশীলন করতে মাঠে এসেছিলেন। বৃষ্টির কারণে সেটাও ঠিকঠাক করা যায়নি। দুপুর থেকেই চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরেছে। ফলে ঐচ্ছিক অনুশীলনে আসা ক্রিকেটারদের মন খারাপ করেই হোটেলে ফিরতে হয়েছে।
চট্টগ্রামে আগামীকাল (শুক্রবার) দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদশ মাঠে নামবে। এই ম্যাচ দিয়ে স্বাগতিকরা যে সিরিজ জিততে মরিয়া সেটাই শুনিয়ে গেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ভিডিওতে বলেছেন, ‘আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন এটা তো জিতে গেলাম। আরও দুটো ম্যাচ আছে, পরের ম্যাচটাই মূল লক্ষ্য।
প্রথম ওয়ানডেতে লঙ্কানদের উড়িয়ে দিয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে। শুক্রবার জিতে সিরিজ নিশ্চিতের পর লঙ্কানদের হোয়াইটওয়াশ করার পরিকল্পনা টাইগারদের। এই পেসার আরও জানালেন, ‘এটা যদি জিততে পারি, তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। পরের ম্যাচটাই মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস, সিরিজ জিতবো।’
প্রথম ম্যাচে শুরুতে কিছুটা ছন্নছাড়া বোলিং করলেও মিডল ও ডেথ ওভারে দারুণ বোলিং করেছেন তাসকিন। শুধু এই পেসারই নন, বাংলাদেশের বাকি দুই পেসার শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবও দারুণ বোলিং করেছেন। ১০ উইকেটের মধ্যে ৯টিই নিয়েছেন তিন পেসার। নিজেদের বোলিংয়ে নিয়ে সন্তুষ্টির কথা ঝরলো তাসকিনের কণ্ঠে।
বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক শান্ত ব্যাট হাতে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। শান্তর এমন ইনিংসের প্রশংসা করে তাসকিন বলেছেন, ‘দারুণ ব্যাট করেছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে। এত সুন্দর করে মানিয়ে নিয়ে শেষ করেছে, মাশআল্লাহ। আল্লাহ আরও ভালো করাক এবং সামনের ম্যাচগুলোতেও যেন আমাদের সবার অবদান ভালো থাকে, এটাই চাওয়া থাকবে।’