৩০ এপ্রিল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য (আইপিএল) অনাপত্তিপত্র পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে চেন্নাই সুপার কিংস ও মোস্তাফিজের আবেদনের প্রেক্ষিতে একদিনের জন্য মেয়াদ বাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই তাদের দশম ম্যাচটি খেলতে নামবে। এই ম্যাচের মধ্য দিয়ে চলতি মৌসুমে মোস্তাফিজের আইপিএল মিশন শেষ হচ্ছে! আইপিএলে মোস্তাফিজ শুরুর মতো শেষটা রাঙাতে পারবেন কিনা সেটি দেখার অপেক্ষা মোস্তাফিজ ভক্তরা!
চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচে ২৯ রানে চার উইকেট নিয়ে দারুণ শুরু করেছিলেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। শুরুর মতো বাকি ম্যাচগুলোয় তেমন আধিপত্য দেখাতে না পারলেও একেবারে খারাপ করেননি। সব মিলিয়ে এবারের আইপিএলে মোস্তাফিজের অভিজ্ঞতা ছিল মিশ্র।
আজ বুধবার চেন্নাইয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন বাংলাদেশের তারকা পেসার। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। এই মুহূর্তে জসপ্রীত বুমরা ও হার্শাল পাটেলের সঙ্গে সমান ১৪ উইকেট নিয়ে মোস্তাফিজ সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রয়েছেন। যদিও ভারতীয় দুই পেসারের চেয়ে কম ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই পেসার। ১০ ম্যাচে ৬.৪০ ইকোনমিতে বুমরার উইকেট ১৪টি। হার্শাল পাটেল ৯ ম্যাচে ১০.১৮ ইকোনমিতে পেয়েছেন সমান ১৪ উইকেট। মোস্তাফিজ ১৪ উইকেট পেতে খেলেছেন ৮ ম্যাচ।
আইপিএলে নিজের প্রথম আসরেই মোস্তাফিজ সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন। সেবার সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি। ১৬ ম্যাচে তুলে নেন ১৭ উইকেট। এবারও হয়তো মোস্তাফিজ নিজেকে ছাড়িয়ে যেতে পারতেন, যদি পুরো আসরটি তিনি খেলতে পারতেন। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির পাশাপাশি বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট মোস্তাফিজকে পেতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এই কারণে পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র পাননি।
শুক্রবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হচ্ছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার দেশে ফিরলেও প্রথম তিনটি ম্যাচে মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাঁহাতি এই পেসারের চাওয়াতেই টিম ম্যানেজেমেন্টের এমন সিদ্ধান্ত। তবে মিরপুরের শেষ দুটি ম্যাচে মোস্তাফিজের খেলার জোর সম্ভাবনা রয়েছে।