ইংল্যান্ডের প্রথম ও একমাত্র পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট নেওয়া জেমস অ্যান্ডারসন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। এই গ্রীষ্মের পর আর বল হাতে ২২ গজে ঝড় তুলতে দেখা যাবে না তাকে।
দ্য গার্ডিয়ান শুক্রবার এক রিপোর্টে জানিয়েছে, ইংল্যান্ডের টেস্ট কোচ এই সপ্তাহের শুরুতে নিউজিল্যান্ড থেকে যুক্তরাজ্যে যান। সেখানে কয়েক রাউন্ড গলফ খেলে ব্যক্তিগতভাবে অ্যান্ডারসনকে জানান, এই মৌসুমে তারা ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন। বিশেষ করে ২০২৫-২৬ অ্যাশেজের জন্য পেস বিভাগকে তৈরি করতে চান তিনি।
এই বছরের শুরুতে ইংল্যান্ডের ভারত সফরের শেষ ম্যাচে তৃতীয় বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তি গড়েন অ্যান্ডারসন। ওয়ার্কলোডের কথা বিবেচনা করে তাকে সাত ইনিংসে ১১০ ওভার বোলিং করানো হয়। গত গ্রীষ্মে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তেমন একটা ছাপ রাখতে পারেননি তিনি, চার টেস্টে ৮৫.৪০ গড়ে পাঁচ উইকেট নেন।
আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজজ শেষে ৪২ বছর পূর্ণ হবে অ্যান্ডারসনের। সম্ভবত আগস্টের শেষ দিকে তার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে বিদায় নেবেন তিনি।
ধারণা করা হচ্ছে, আজ শনিবার নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাবেন অ্যান্ডারসন।