ভারতের সঙ্গে গম্ভীরের চুক্তি হয়ে গেছে, শিগগিরই ঘোষণা!

রাহুল দ্রাবিড় অধ্যায় শেষে নতুন প্রধান কোচ ভারতের দায়িত্ব নেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। গতকাল সোমবার কোচের আবেদন করার শেষ দিন ছিল। ওসব আবেদন হয়তো খুব বেশি যাচাই করতে হচ্ছে না বিসিসিআইকে। রবিবার কলকাতা নাইট রাইডার্সকে ১০ বছর পর শিরোপা এনে দেওয়া গৌতম গম্ভীরের সঙ্গে চুক্তি করে ফেলেছে বোর্ড! আনুষ্ঠানিক ঘোষণা আসছে শিগগিরই। ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এক খবরে এমন তথ্য দিয়েছে।

কোচের আবেদন প্রক্রিয়া শুরুর পর থেকে নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং, ভারতের ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দর শেভাগ ও আশিষ নেহরার নাম শোনা যাচ্ছিল। তবে সবচেয়ে এগিয়ে ছিল গম্ভীরের নাম। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ওপেনারের হাতে ভারতকে দায়িত্ব দেওয়ার গুঞ্জন কলকাতার আইপিএল জেতার পর তার সঙ্গে জয় শাহর সাক্ষাতের পর আরও জোরালো হয়।

ক্রিকবাজ বলছে, গম্ভীরের নিয়োগ প্রায় চূড়ান্ত। এখন আলোচনা চলছে নানা প্রসঙ্গে। রিপোর্টে বলা হয়েছে, ‘আইপিএল ফ্র্যাঞ্চাইজির খুব উচ্চপদস্থ একজন মালিক, যিনি বিসিসিআইর শীর্ষ কর্মকর্তার ঘনিষ্ঠ, তিনি বলেছেন যে গম্ভীরের চুক্তি হয়ে গেছে এবং শিগগিরই ঘোষণা আসবে। একজন শীর্ষস্থানীয় ধারাভাষ্যকার, যিনি বিসিসিআইর এসব ঘটনায় সংশ্লিষ্ট, তিনিও বলছেন গম্ভীরকে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে। ব্যাপার হলো, এখনও ঘোষণা আসেনি। ধারণা করা হচ্ছে, দুই পক্ষের মধ্যে এমনকি আরও কয়েকটি পক্ষের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা চলছে।’

এর আগে জাস্টিন ল্যাঙ্গার ও রিকি পন্টিংয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় জয় শাহ শুক্রবার জানান, তারা কোনও অস্ট্রেলিয়ানকে কোচ হওয়ার প্রস্তাব দেননি। ভারতের পরবর্তী প্রধান কোচ এমন কেউ হবেন, যার ভারতীয় ক্রিকেট নিয়ে গভীর জ্ঞান আছে এবং ভালো বোঝেন। তার এই বক্তব্যে জল্পনা শুরু হয়েছে, ভারতেরই কেউ রোহিত শর্মাদের দায়িত্ব নিতে যাচ্ছেন এবং সেই যোগ্যতাবলে এগিয়ে আছেন গম্ভীর।

জয় শাহ বলেছেন, ‘আমি বা বিসিসিআই, কেউই সাবেক কোনও অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে কোচিংয়ে চাকরির প্রস্তাব দেইনি। গণমাধ্যমে যে রিপোর্টগুলো ঘুরে বেড়াচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।’

এরপরই তিনি জানিয়ে দিলেন পরবর্তী ভারতীয় কোচ হওয়ার কী যোগ্যতা লাগবে, ‘আমাদের জাতীয় দলে সঠিক কোচ খোঁজা একটি সূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খ প্রক্রিয়া। আমরা এমন কাউকে চিহ্নিত করতে চাচ্ছি যার ভারতীয় ক্রিকেট কাঠামো নিয়ে গভীর ধারণার অধিকারী এবং ধাপে ধাপে উঠে এসেছেন।’

জয় শাহ আরও জানান, ভারতীয় ঘরোয়া ক্রিকেট নিয়ে গভীর জ্ঞান থাকাও পরবর্তী কোচ হওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যোগ্যতা হবে। এটি ভারতীয় দলকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে।