হিটস্ট্রোকে হাসপাতালে যাওয়া সিফাতকে মুশফিকের উপহার

২০২৩-২৪ মৌসুমের জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা জিতেছে ঢাকার কদমতলা পূর্ব বাসাবো স্কুল ও কলেজ। ফাইনালে পিরোজপুরের সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে ১৮৭ রানের বিশাল ব্যবধানে হারায় তারা। এই ম্যাচ জয়ের নায়ক ছিলেন সিফাত শাহরিয়ার সামি। তার অনবদ্য সেঞ্চুরিতেই স্কুলটি দারুণ এক জয় পেয়েছে। 

ব্যাটিংয়ে ১৪৮ রানের ইনিংসের পর বোলিংও করেছিলেন তিনি। কিন্তু লম্বা সময় মাঠে থাকার কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হন এই কিশোর। পরে তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। দলকে জেতানোর পর মাঠে না থাকতে পারলেও ম্যাচসেরার পুরস্কারটি পেয়েছেন তিনি। সিফাতের ওই ইনিংস মনে ধরেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের। ভবিষ্যৎ ক্রিকেটারকে আরও উৎসাহ দিতে ব্যাটিং গ্লাভস উপহার দিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের বাসাতেই তার হাতে ম্যাচসেরার ট্রফি ও মুশফিকের উপহার তুলে দেন স্কুলের কোচ মোস্তাফিজুর রহমান।

বুধবার টস জিতে বাসাবোর স্কুলকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল সরকারি কেজি ইউনিয়ন স্কুলের অধিনায়ক। কিন্তু সকালের উইকেটে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় কদমতলা। ৪১ রানে ৬ উইকেট হারানোর পর বাসাবোর হাল ধরেন আগের সব ম্যাচ মিলিয়ে মাত্র ৪৪ রান করা সিফাত। এই ক্রিকেটারই হয়ে যান নায়ক। আট নম্বরে নেমে তুলে নেন সেঞ্চুরি। শেষ ব্যাটার হিসেবে যখন আউট হন দলের স্কোর গিয়ে দাঁড়ায় ২৮৬ রানে। এদিন ৮ নম্বরে নেমে ১১৫ বলে ১৪৮ রানের ইনিংস খেলেন তিনি। এক সেঞ্চুরিতেই টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক হয়ে যান এই কিশোর। ৪ ম্যাচে তার রান ১৯২।