ভারত-পাকিস্তানের ‘বিশেষ ম্যাচ’ নিয়ে উচ্ছ্বসিত পান্ত

ক্রিকেটে ভারত ও পাকিস্তানের আগুন-বারুদে লড়াই দেখার জন্য বিশ্বকে এখন তাকিয়ে থাকতে হয় আইসিসি ইভেন্টের দিকে। এমনিতেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ থাকে আকাশছোঁয়া, আর বছর ঘুরে ঘুরে কালেভদ্রে আসা তাদের লড়াই সেই উত্তেজনা বাড়িয়ে দেয় আরও বহুগুণ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার মুখোমুখি হবে দুই দল। খেলোয়াড়দের মাঝেও রোমাঞ্চের শেষ নেই। ওয়ার্মআপ ম্যাচে ঝলক দেখানো রিশাভ পান্ত বললেন, ‘বিশেষ ম্যাচ’ নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন তিনি।

বুধবার নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। তারপর ৯ জুন একই মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ভারতের বিপক্ষে জয়খরা কাটায় পাকিস্তান। পরের বছর অবশ্য কোহলির স্মরণীয় ইনিংসে প্রতিশোধ নেয় ভারত। এবার বিশ্বকাপে জয়-পরাজয়ের ব্যবধান বাড়িয়ে নিতে চায় তারা। 

এই ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা বিরাজ করছে ভারতের ড্রেসিংরুমে। সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়া ভক্ত-সমর্থকদের ধন্যবাদ দিয়ে বলেন, ‘যেখানেই যাই না কেন, সমর্থকরা সঙ্গে থাকে। আমি নিশ্চিত এই গ্রুপের সবাই নিশ্চিত করতে চায়, ভারত-পাকিস্তান ম্যাচ যেন আমরা জিততে পারি। এটা খুব স্বাভাবিক ব্যাপার।’

পান্ত ভারত-পাকিস্তান ম্যাচের চাপ প্রসঙ্গে বললেন, ‘এটা সবসময় উচ্ছ্বাসের, কারণ এটা বিশেষ ম্যাচ। আপনি সবসময় চাপ অনুভব করবেন, কারণ এই ধরনের ম্যাচ অনেক দিন মনে রাখে।’