টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড নিয়ে সমালোচনার শেষ নেই। অসম বাউন্স আর স্লো ঘরানার হওয়ায় প্রত্যাশা পূরণ হচ্ছে না। তাই বিশেষজ্ঞরা উইকেটটিকে বিপজ্জনক বলছেন। সর্বশেষ আয়ারল্যান্ড কোচও এই বিষয়ে প্রশ্ন তোলায় উইকেটটি নিয়ে সমালোচনার মাত্রা বেড়েই চলেছে। ভারতের কাছে ৮ উইকেটে হারের পর আয়ারল্যান্ড কোচ হাইনরিখ মালান বলেছেন, উইকেট মোটেও চাহিদা পূরণ করতে পারছে না।
গ্রুপ ‘এ’ এর ম্যাচে আয়ারল্যান্ডকে ৯৬ রানে অলআউট করেছে রোহিত শর্মার দল। সেই লক্ষ্য তারা ২ উইকেট হারিয়ে তাড়া করেছে। মালান হারের জন্য অসম বাউন্সের উইকেটকে দায়ী করেননি। কিন্তু তার কথাতে বোঝা গেছে, উইকেটের প্রকৃতি নিয়ে মোটেও খুশি নন তিনি, ‘খেলতে হলে ভালো উইকেট কিংবা যতটা সম্ভব ভালো পিচে খেলা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা গত কয়েক ম্যাচ ধরে যা দেখেছি, তাতে চাহিদার সঙ্গে মোটেও সেটা খাপ খাচ্ছে না। তাই আশা করবো আগামী কয়েক দিন বা তার পর উইকেট কিছুটা ফ্ল্যাট হয়ে দাঁড়াবে। যাতে ভালো ক্রিকেটটা দেখতে পারি।’
বিশ্বকাপে এই মাঠে টানা দ্বিতীয়বার লো স্কোরিং ম্যাচ দেখা গেলো। নতুন এই ভেন্যুতে সোমবার শ্রীলঙ্কাও ৭৭ রানে গুটিয়ে গেছে। দক্ষিণ আফ্রিকারও সেই ম্যাচ জিততে ঘাম ছুটেছে। ২২ বল হাতে রেখে জিতেছে তারা। ঠিক এই জায়গাতেই প্রশ্ন তুলেছেন মালান। তার কথা, ‘আমরা ভালো ক্রিকেট দেখতে চাই। তাই নয় কি? এটা আমাদের এই ইভেন্টের সর্বোচ্চ চূড়া। তাই সব সময় দুইশ রান হয়তো আশা করবো না। কিন্তু ব্যাটে-বলে লড়াইটা হতে হবে সমানে সমান। তাই আমার মনে হয় যদি আপনারা দেখেন, তাহলে বিতর্কটা সেখানেই।’
সাবেক জিম্বাবুয়ে ক্রিকেটার ও ইংল্যান্ড দলের সাবেক ডিরেক্টর অ্যান্ডি ফ্লাওয়ার ক্রিকইনফোকে বলেছেন, তার মতে উইকেটকে মোটেও আদর্শ মনে হয়নি। তার কথা, ‘আমাকে বলতেই হবে এই সারফেসটা মোটেও আন্তর্জাতিক ম্যাচ খেলার উপযোগী নয়। এটাকে বলা যেতে পারে বিপজ্জনক সীমানার কাছাকাছি।’