নাসিম-হারিসের বোলিং তোপে ১১৯ রানে অলআউট ভারত

ভারত ও পাকিস্তানের ম্যাচ হলেই যুদ্ধের দামামা বেজে ওঠে ক্রিকেট বিশ্বে। এই দুই দলের দ্বৈরথ মানে ভারতীয় ব্যাটার বনাম পাকিস্তানি বোলারদের লড়াই। রবিবার নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের পেসাররা আগুন ঝরালো বল হাতে। নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ আমির ও শাহীন আফ্রিদির পেস বোলিং আক্রমণে ১১৯ রানে অলআউট হলো ভারত। তাদের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করেছেন। নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানে গুটিয়ে যায় ভারত।

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তাদের বোলাররা নিজেদের সেরা পারফরম্যান্স করে রোহিত শর্মার দলের লাগাম টেনে ধরেন। টানা দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি ব্যর্থ হলেন। ইনিংসের দ্বিতীয় ওভারে নাসিম শাহের বলে উসমান খানকে ক্যাচ দেন মাত্র ৪ রান করে।

রোহিত শর্মা চার ও ছয়ে গ্যালারি মাতালেও ফিরতে হয় তাকেও। শাহীন শাহ আফ্রিদির বলে অধিনায়ক আউট হন ১৩ রান করে। ১২ বলের ইনিংসে ছিল একটি চার ও এক ছয়।

১৯ রানে দুই ওপেনারের বিদায়ের পরও পাওয়ার প্লেতে শক্ত অবস্থানে ছিল ভারত, ৫০ রান যোগ করে তারা প্রথম ছয় ওভারে। অক্ষর প্যাটেলকে নিয়ে রিশাভ পান্ত ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন। তবে জুটিটা ৩৯ রানের বেশি হয়নি। 

অক্ষরকে (২০) বোল্ড করেন নাসিম শাহ। সূর্যকুমার যাদব (৭) বিপদে হাল ধরতে পারেননি। শিবম দুবেকে (৩) ফিরতি ক্যাচে নিজের তৃতীয় শিকার বানান নাসিম। 

৯৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়া ভারতের আশার আলো হয়ে ছিলেন পান্ত। চল্লিশ ছাড়ানো ইনিংস খেলেন তিনি, কিন্তু হাফ সেঞ্চুরির দেখা পাননি। মোহাম্মদ আমির তাকে ও রবীন্দ্র জাদেজাকে (০) পরপর প্যাভিলিয়নে পাঠান। ৩১ বলে ৬ চারে ৪২ রান করেন পান্ত।

৯৬ রানে সাত উইকেট হারায় ভারত। হার্দিক পান্ডিয়া আগ্রাসী হয়ে উঠতেই বড় শট খেলে ইফতিখার আহমেদের ক্যাচ হন বাউন্ডারির সামনে। ১২ বলে ৭ রান করেন তিনি। ১৮তম ওভারে পরের বলে নতুন ব্যাটার যশপ্রীত বুমরাকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুুযোগ তৈরি করেন হারিস রউফ। ইমাদ ওয়াসিমের সহজ ক্যাচ হয়ে ডাক মারেন ভারতের ব্যাটার। ১১২ রানে ৯ উইকেটের পতন। 

মিসফিল্ডিংয়ে কয়েকটি রান বের করে নেয় ভারত। আর সাত রান যোগ করেই গুটিয়ে যায় তারা। ১৯তম ওভারের শেষ বলে মিড অফ থেকে বাবর আজমের দারুণ থ্রোতে মোহাম্মদ রিজওয়ান আর্শদীপ সিংকে (৯) রান আউট করেন। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে প্রথমবার অলআউট করে পাকিস্তান।

নাসিম, হারিস সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। আমির পান দুটি উইকেট, একটি শাহীনের।