আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর কঠিন এক অবস্থায় দাঁড়িয়ে নিউজিল্যান্ড। ‘সি’ গ্রুপে তাদের অপর সঙ্গী আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের দুটিতেই জিতেছে। এই অবস্থায় সুপার এইটে যেতে বাকি তিন ম্যাচেই জিততে হবে কিউইদের। বাঁচা-মরার সেই লড়াইয়ে কাল ভোর সাড়ে ৬টায় তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ড অধিনায়ক গ্যারি স্টিডও জানালেন, তাদের কাছে ম্যাচটা নকআউট।
২০২১ সালের ফাইনালিস্টরা প্রথম ম্যাচটা হেরেছে বাজে ভাবে। আফগানদের কাছে ব্যাটিং ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ করেছে। ৮৪ রানের হারে প্রভাব পড়েছে রান রেটেও। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা তাদের কাছে বাঁচা-মরার লড়াই। গ্যারি স্টিড ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ম্যাচটা এখন নকআউট হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের সবটা উজাড় করে দিতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম আফগানদের কাছে হারের তিক্ত স্বাদ নিয়েছে নিউজিল্যান্ড। এখন তাদের বাকি তিন ম্যাচেই জিততে হবে। স্টিডও জানেন সেটা, ‘আমাদের এখন তিনটা ম্যাচই জিততে হবে।’
প্রথম ম্যাচ হেরে যাওয়ায় পরিবর্তনের একটা আভাস দিয়েছেন নিউজিল্যান্ড কোচ। তবে খুব বেশি পরিবর্তনের পক্ষে নন তিনি, ‘আমার মনে হয় খুব বেশি পরিবর্তনের পথে হাঁটা মানে আপনি কিছুটা আতঙ্কগ্রস্ত। এটা ঠিক পারফরম্যান্স নিয়ে সৎভাবেই কিছু কথা বার্তা আমাদের মাঝে হয়েছে। এটা সম্পূর্ণ নতুন ম্যাচ। বিপদটা হচ্ছে গত ম্যাচের ভুলগুলো আবার এই ম্যাচে নিয়ে আসা। এখন চ্যালেঞ্জটা হচ্ছে নিজেদের জাগিয়ে তোলা এবং এমন কিছু করা যেটা দিয়ে আমরা গর্ব করতে পারি।’
দুই ম্যাচ জিতলেও ওয়েস্ট ইন্ডিজ ওপেনিং ম্যাচে একটা ধাক্কা খেয়েছে। পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৫ উইকেটে জিতলেও তাদের ভয় পাইয়ে দিয়েছিল পাপুয়া নিউ গিনি। তার পর উগান্ডাকে বিধ্বস্ত করে দ্বিতীয় জয় পেয়েছে। গ্যারি স্টিড চান, ক্যারিবিয়ান দলটির হার্ডহিটিং ব্যাটারদের বাক্সবন্দী করতে চান তারা, ‘তারা আনপ্রেডিক্টেবল হতে পারে। তাদের ব্যাটিং অর্ডারে অনেক পাওয়ার। তারা সবাই বাউন্ডারি হিটার। আমাদের পরিকল্পনা থাকবে তাদের কীভাব প্রতিরোধ করতে পারি।’