নেদারল্যান্ডের বিপক্ষে ৮৩ রানের ইনিংস খেলার পথে তামিম ইকবাল টি-টোয়েন্টি ফরম্যাটের খুঁটি-নাটি এখনও বাংলাদেশ দলের পুরোপুরি না জানা হলেও তামিম ইকবাল খুব ভালো করেই জেনে গেছেন। সপ্তাহ তিনেক আগেই একথা বলেছিলেন তামিম নিজেই। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্ট বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে তিনি খেলেছেন অনবদ্য এক ইনিংস। শেষ পর্যন্ত ৫৮ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন তামিম ইকবাল। তাতে তার ৬টি বাউন্ডারির পাশাপাশি রয়েছে ৩টি ওভার বাউন্ডারি। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও বাংলাদেশির প্রথম হাফসেঞ্চুরি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে পাকিস্তান সুপার লিগেও দারুণ পারফরম্যান্স করেছেন তামিম। দারুণ ফর্মে থাকা তামিমের কাছে এমন ইনিংস অনেকটাই প্রত্যাশিত ছিল। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন এই ড্যাশিং ওপেনার। ৩৭ বলে ৩ চার ও ২ ছয়ে তিনি হাফসেঞ্চুরির মাইলফলকে পৌঁছান।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো ৮০'র ঘর গিয়েও সেঞ্চুরি বঞ্চিত হলেন তিনি। আগের বার ৮৮ রানে অপরাজিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ঢাকায়।
/আরআই/এমআর/