ভারত অবিশ্বাস্য পারফর্ম করে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। কিন্তু ভক্ত-সমর্থকদের হৃদয়ে কিসের যেন একটা শূন্যতা। বিরাট কোহলির রান খরা তাদের ভাবাচ্ছে। বৃহস্পতিবার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তার ব্যাটে রান দেখা যায়নি। ৯ রানে ইংল্যান্ডের পেসার রিস টপলি তার স্টাম্প ভেঙে দেন।
এই আসরে সর্বোচ্চ ৩৭ রান করেছেন কোহলি বাংলাদেশের বিপক্ষে। দ্বিতীয় সেরা রান ২৪ রান আফগানিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে তো রানের খাতাই খুলতে পারেননি।
সাত ইনিংসে ১০.৭১ গড়ে কোহলি এই প্রতিযোগিতায় করেছেন মাত্র ৭৫ রান। কিন্তু ভারতের অধিনায়ক রোহিত শর্মার বিশ্বাস, কোহলিকে সেরা ফর্মে দেখতে আর বেশি দেরি নেই।
রোহিত বলেন, ‘বিরাট ভালো একজন খেলোয়াড়। যে কোনও খেলোয়াড় এমন সময়ের মধ্যে দিয়ে যায়। আমরা তার ক্লাস বুঝি। ১৫ বছর ধরে যখন খেলবেন, ফর্ম কখনও সমস্যা নয়। সে হয়তো এটা ফাইনালের জন্য জমিয়ে রেখেছে।’
শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল খেলবে ভারত। দুই অপরাজিত দলের লড়াই নিয়ে রোহিত বললেন, ‘আমরা খুব শান্ত ছিলাম। ফাইনালের মর্ম আমরা বুঝি। আমাদের সংযত থাকা গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনাকে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আমরা বেশ ধীরস্থির ছিলাম এবং সেটা আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আমরা আমাদের সেরাটা দিতে চেষ্টা করবো। ফাইনালে আরেকটি ভালো পারফরম্যান্সের ব্যাপারে আমরা সবাই আশাবাদী হতে পারি।’