বিশ্বকাপে আইসিসির সূচি নির্ধারণের সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। আইসিসির বিরুদ্ধে তার অভিযোগ, টি-টোয়েন্টির এই ইভেন্টে অন্য দলগুলোর চেয়ে ভারতকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সব ম্যাচ ছিল স্থানীয় সময় সকালে। ম্যাচগুলি যাতে ভারতীয় সময় রাত ৮টা থেকে সম্প্রচার করা সম্ভব হয়, সেভাবেই সূচি সাজানো হয়েছে। আগে থেকেই ঠিক করা হয়েছিল, ভারত দ্বিতীয় সেমিফাইনাল খেলবে এবং সেটি গায়ানায় হবে। ওই ম্যাচের কোনও রিজ়ার্ভ ডে ছিল না। ফলে খেলা না হলে গ্রুপ শীর্ষে থাকার কারণে ফাইনালে চলে যেতো ভারত। যদিও ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়েই শিরোপার মঞ্চে তারা।
একটি পডকাস্টে ভন বলেছেন, ‘আক্ষরিক অর্থে এটা ভারতের প্রতিযোগিতা। ওরা যে সময়ে চায়, সেই সময়ে খেলে। তারা কোথায় সেমিফাইনাল খেলবে, সেটাও প্রতিযোগিতার আগেই জেনে গেছে। তারা প্রত্যেকটি ম্যাচ খেলেছে সকালে, যেন ভারতের সবাই রাতের বেলায় টিভিতে খেলা দেখতে পারে। আমি জানি বিশ্ব ক্রিকেটে টাকা একটা বড় ভূমিকা নেয়। কিন্তু এগুলো দ্বিপাক্ষিক সিরিজ়ে হলে ঠিক আছে। কিন্তু যখন বিশ্বকাপের কথা আসে, তখন আইসিসির উচিত প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে সিদ্ধান্ত নেওয়া। ভারত বেশি টাকা দেয় বলে ওদের সব সুবিধা করে দেওয়া উচিত নয়।’