বাংলাদেশের সাবেক ব্যাটার ও জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল শুক্রবার সকালে স্ট্রোক করেছেন। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই খবর।
দেবাশীষ বলেছেন, ‘আমাদের নাফিস ইকবাল আজ সকালে স্ট্রোক করেছেন।’ তিনি আরও জানান, বিকাল চারটায় নাফিসকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানোর কথা।
সম্প্রতি নাফিস জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে সফরসঙ্গী ছিলেন।
২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে ১১ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলা নাফিস তামিম ইকবালের বড় ভাই এবং আকরাম খানের ভাতিজা।