প্রথম জয় পেতে স্কটিশদের লক্ষ্য ১৪৮

৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে মাসাকাদজার দল।টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডকে ১৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। বৃহস্পতিবার টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে মাসাকাদজার দল।
নাগপুরে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। তবে এক প্রান্ত আগলে রেখে খেলেন শন উইলিয়ামস। তার উল্লেখযোগ্য ৫৩ রানের ইনিংসে ১৪৭ রান করতে পারে জিম্বাবুয়ে। উইলিয়ামসের ইনিংসে ছিল ৬টি চার। এছাড়া ২০ রান করেন এলটন চিগুম্বুরা আর অধিনায়ক মাসাকাদজা করেন ১২ রান।
স্কটল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন অ্যালাসডেয়ার ইভান্স, মার্ক ওয়াট ও সাফিয়ান শরিফ।

উল্লেখ্য, প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জিতে পরের পর্বে যাওয়ার আশা জাগিয়ে রেখেছে জিম্বাবুয়ে। তবে স্কটল্যান্ড প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১৪ রানে হেরে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা কঠিন করে ফেলেছে। সীমিত ওভারের এই ফরম্যাটে ১৯ ম্যাচ খেললেও এখনও জয়ের দেখা পায়নি স্কটল্যান্ড।

/এফআইআর/