প্রস্তুতি ম্যাচে মুশফিক-মুমিনুলসহ টেস্ট দলের একাধিক ক্রিকেটার

চট্টগ্রামে চলছিল হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) ও বাংলাদেশ টাইগার্সের মধ্যকার সীমিত ওভারের চারটি প্রস্তুতি ম্যাচ। কিন্তু কোটা আন্দোলনে সৃষ্ট সহিংসতায় বাতিল হয়ে যায় দুটি ম্যাচ। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে কেন্দ্র করে টেস্ট দলের ক্রিকেটারদের প্রস্তুতির জন্য চট্টগ্রামে দুই দিনের একটি ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচে অংশ নেবেন টেস্ট দলের মুশফিকুর রহিম-মুমিনুল হকসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। আপাতত একটি ম্যাচের জন্য লাল দল ও সবুজ দল নামে দুটি দল গঠন করেছে বিসিবি।

কারফিউ শিথিল হওয়ায় মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুলিশি পাহারায় সীমিত পরিসরে অনুশীলন করেছেন হাই পারফরম্যান্স (এইচপি) ও বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা। তবে আজ বুধবার বেশ কয়েকজন ক্রিকেটার ঢাকায় ফিরে আসছেন। মূলত সীমিত ওভারের টুর্নামেন্ট খেলতে বেশ কিছু ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন।

আগামী ২৫ জুলাই দুইদিনের ম্যাচটি শুরু হবে। দুই দিনের ম্যাচ শেষে আগামী ২৯, ৩০ ও ৩১ জুলাই তিনদিনের একটি ম্যাচও মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। এরপর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই দলটির সম্ভাব্য সফরসূচি আগামী ৬ আগস্ট। এই সফরে মুশফিক-মুমিনুলসহ একাধিক টেস্ট ক্রিকেটারের পাকিস্তান সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বেশ কিছু ক্রিকেটারকে প্রস্তুত করতেই তাদের পাঠানোর কথা ভাবছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে আগামী ২১ আগস্ট প্রথম এবং ৩০ আগস্ট দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ।

পাকিস্তান সিরিজের প্রস্তুতিটা শুরু হচ্ছে বৃহস্পতিবার দুই দিনের ম্যাচ দিয়ে। টেস্ট দলের বেশ কয়েকজন ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ দুই দিনের ম্যাচের দলে রয়েছেন।

দুই দিনের ম্যাচের দল:-

লাল দল: এনামুল হক বিজয়, আব্দুল্লাহ আল মামুন, সাইফ হাসান, মুশফিকুর রহিম, খালেদ হাসান, আহরার আমিন পিয়ান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, নাঈম আহমেদ, নাহিদ রানা, শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান সোহান।

সবুজ দল: নাঈম শেখ, আশিকুর রহমান শিবলি, মাহফিজুর রহমান রবিন, মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, প্রীতম কুমার, মেহরাব হোসেন সিয়ান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান সোহাগ, শিহাব জেমস।